নীলফামারীর সৈয়দপুরে 'মিনি সংসদ' নামে খ্যাত ঐতিহ্যবাহী ও প্রাচীন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ‘সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ’-এর উদ্যোগে সাঁইজি লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য লালনসংগীতের আসর অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের শেরে বাংলা সড়কে সংগঠনটির নিজস্ব ভবনের চতুর্থ তলায় এ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। রাতব্যাপী চলে এ আয়োজন। এতে স্থানীয় 'সৈয়দপুর লালন চর্চা কেন্দ্র'-এর শিল্পীরা লালনের কালজয়ী নানা সংগীত পরিবেশন করেন।
সংগীত আসরের শুরুতে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ও নীলফামারী জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সাবেক সভাপতি ম. আ. শামীম, সাধারণ সম্পাদক সাংবাদিক লায়ন আমিনুল হক এবং কার্যনির্বাহী সদস্য ও সৈয়দপুর লালন চর্চা কেন্দ্রের সভাপতি আব্দুল মালেক বাবলু। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শেখ রোবায়েতুর রহমান রোবায়েত।
প্রকৌশলী মো. মোমিনুল ইসলাম ও শিক্ষিকা ফারহানার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের সূচীতেই পরিবেশিত হয় সমবেত কোরাস লালনসংগীত। এরপর একে একে লালন সাঁইয়ের অমর বাণী সুরের ধারায় ফুটিয়ে তোলেন বাউল শরীফ হোসেন মৃধা, হোসনে আরা লিপি, অদ্রি, রেয়াংশু রায় তীর্থ, পৌলবী সরকার, মিতৌশী রায় বৃষ্টি, মো. নূর, সমীক্ষা দাস গুপ্তা, তাহমিন আরিফ লাবিব, পিংকি সরকার, অপু কুমার বিশ্বাস, বলরাম, আতাউ ফাতেমা, জাহাঙ্গীর, দিপ্তি সিংহ ও অর্পণ। সুরের মূর্ছনায় পুরো মিলনায়তন মুখরিত হয়ে ওঠে এবং উপস্থিত দর্শকরা মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সহ-সভাপতি মো. নকিবুল ইসলাম, নাট্য সম্পাদক আখতারুল ইসলাম মৃধা, কার্যনির্বাহী সদস্য বদিয়ার রহমান, পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম সরকার ও সদস্য আজমল সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্য-সদস্যা ও স্থানীয় সুধীজন।
উল্লেখ্য, ১৯১১ সালে প্রতিষ্ঠিত উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ’। স্থানীয়ভাবে ‘মিনি পার্লামেন্ট’ নামে পরিচিত ১২০ জন সদস্যের এই সংগঠনটিতে শহরের বিশিষ্ট রাজনীতিক, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীরা যুক্ত রয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









