বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর সংঘর্ষ ও অসদাচরণের ঘটনায় শাস্তি পেয়েছিলেন আর্জেন্টিনার তিন ফুটবলার। তাদের মধ্যে নাহুয়েল মলিনা ও লিয়েন্দ্রো পারেদেসের শাস্তি পুনর্বিবেচনা করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। মলিনার নিষেধাজ্ঞা ও জরিমানা কমানো হলেও পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ফিফার আপিল বিভাগ মলিনার সাত ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে চার ম্যাচ করেছে। একই সঙ্গে তার জরিমানা ৯০ হাজার ডলার থেকে কমিয়ে ৬০ হাজার ডলার করা হয়েছে। ফাইনালে স্পেনের শিরোপা উদ্যাপনের সময় মিডফিল্ডার রদ্রিকে ঘুষি মেরেছিলেন মলিনা।
তবে বর্তমানে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে খেলা মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসের শাস্তিতে কোনো পরিবর্তন আসেনি। স্পেনের খেলোয়াড়দের উদ্যাপনের সময় এরিক গার্সিয়াকে ধাক্কা ও আঘাত করার পাশাপাশি গাভির সঙ্গেও সংঘর্ষে জড়িয়েছিলেন তিনি। এ ঘটনায় তার ১০ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৯০ হাজার ডলার জরিমানা বহাল রেখেছে ফিফা।
পারেদেসের শাস্তির পাশাপাশি বৈষম্যমূলক স্লোগানের কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর আরোপিত ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানাও বহাল রয়েছে।
তবে এসব সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া সালিশি আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে এএফএ। সংস্থাটি জানিয়েছে, সিদ্ধান্তগুলোর বিস্তারিত কারণ জানতে চাওয়ার পর আপিল করা হবে। তাদের দাবি, আপিলের পক্ষে যথেষ্ট তথ্যগত ও আইনি যুক্তি রয়েছে।
এর আগে ফিফার নিষেধাজ্ঞা অনুযায়ী, থিয়াগো আলমাদাকে এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। অন্যদিকে, দানি ওলমোকে ঘুষি মারার ঘটনায় আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়। আগের আন্তর্জাতিক বিরতিতেই তাদের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে।
এদিকে চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতে দুটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। লিওনেল মেসির অবসরের পর প্রথম ম্যাচে আগামী ১৩ নভেম্বর বুয়েনস আয়ার্সে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৭ নভেম্বর কর্দোবায় কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









