শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী মো. আমিনুর রশিদ।
তিনি বলেন, "৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য অত্যন্ত সুদূরপ্রসারী ও গুরুত্বপূর্ণ। এই দিবসের মূল মূলসুরই হলো সবাইকে ঐক্যবদ্ধ ও সংহত করা। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশকে শক্তিশালী করা এবং উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিবসটির ঐতিহাসিক পটভূমি তুলে ধরে সভার অন্যান্য বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক ও ঘটনাবহুল দিন। সে সময় দেশের রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে সিপাহি-জনতার অভাবনীয় অভ্যুথানের মধ্য দিয়ে দিনটি বিশেষ তাৎপর্য অর্জন করে।
বক্তারা আরও বলেন, জাতীয় ঐক্য, বহুদলীয় গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশ ও জাতির স্বার্থে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি।
দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১১টায় নগরীর ঐতিহ্যবাহী কান্দিরপাড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে কুমিল্লা মহানগরের ২৭টি ওয়ার্ড এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে নগরীর রাজপথ মুখরিত হয়ে ওঠে।
র্যালির আগে দলীয় কার্যালয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, গণতান্ত্রিক চর্চা জোরদার এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতকরণের ওপর জোর দেন।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ জেলা ও মহানগর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









