পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের প্রধান মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আহসানউল্লাহ পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী ও আব্দুল খালেকসহ অন্যরা।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি দিবসটির প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা দেশের সবচেয়ে বড় গৌরব। এ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বলেন, তরুণ প্রজন্মের মধ্যে স্বাধীনতার সঠিক ইতিহাস ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
বক্তারা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী ও অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সংবাদকর্মী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









