সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত সাত বাংলাদেশির সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে সৌদি আরবের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশিদের বহনকারী একটি গাড়ি বা বাসকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতদের মধ্যে রয়েছেন সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে। এ ছাড়া ওই কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী, মক্কায় কর্মরত কোম্পানির আরেক স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যাশিশু নিহত হয়েছে।
কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্যের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম নিহতদের পরিচয় প্রকাশ করেছে। তবে শিশুদের পূর্ণ নাম ও চকরিয়ায় তাদের নির্দিষ্ট গ্রাম বা এলাকার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার সন্ধ্যায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, নিহতদের সবার বাড়ি চকরিয়ায় বলে তিনি শুনেছেন। তবে তাঁদের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেননি। তথ্য পেলে জানাবেন বলে জানান তিনি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল। তিনি জানান, দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ কনস্যুলেট থেকে সৌদি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য চাওয়া হয়েছে।
দুর্ঘটনার পর সৌদি পুলিশ ও উদ্ধারকারী দল নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছে বাংলাদেশ কনস্যুলেট।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









