নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করাকে কেন্দ্র করে শাশুড়ির বকাঝকার পর বিষপানে সাহানাজ খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার বিলছাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সাহানাজ খাতুন বিলছাড়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী এবং সাইদুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সন্তানকে শাসন করাকে কেন্দ্র করে সাহানাজকে বকাঝকা করেন তার শাশুড়ি। এতে অভিমান করে তিনি বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









