আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বরিশাল জেলার উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জেলার ৯টি উপজেলা, ৬টি পৌরসভা এবং ৭০টি ইউনিয়ন পরিষদে মোট ৮৫ জনের নাম ঘোষণা করেছে দলটি। তবে বরিশাল সদর উপজেলা এবং এর অধীন ১০টি ইউনিয়নে এখনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি।
গত শনিবার (৭ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর চাঁদমারী এলাকার এমসি অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখা আয়োজিত প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব নাম প্রকাশ করা হয়। দলের যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক ঘোষিত প্রার্থীদের নাম তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে শাহ ইফতেখার তারিক বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে জনকল্যাণমুখী, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক করতে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণের রাজনীতি বাস্তবায়নের লক্ষ্যেই নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঘোষিত প্রার্থীরা জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বরিশাল জেলার ১০টি উপজেলার মধ্যে সদর উপজেলা বাদে বাকি ৯টিতে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে দলটি। আগৈলঝাড়ায় মো. পারভেজ মিয়া, গৌরনদীতে মুফতি মোস্তফা কামাল, উজিরপুরে মো. আব্দুল হক, বানারীপাড়ায় মাস্টার মো. আনিছুর রহমান, বাবুগঞ্জে হাফেজ মো. রহমাতুল্লাহ, মুলাদীতে মাওলানা নেছার উদ্দিন, হিজলায় সৈয়দ মোজাম্মেল হক, মেহেন্দিগঞ্জে মুহাম্মদ ইলিয়াস হাসান এবং বাকেরগঞ্জে নুরুল ইসলাম আল আমিন চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
অন্যদিকে জেলার ছয়টি পৌরসভাতেই মেয়র পদে প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন। গৌরনদীতে মো. ওবায়দুল হক মিয়া (নবী), উজিরপুরে মো. মনিরুল ইসলাম মুরাদ, বানারীপাড়ায় জালিস মাহমুদ, মুলাদীতে আলহাজ এফএম মাইনুল ইসলাম, মেহেন্দিগঞ্জে আলহাজ ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন এবং বাকেরগঞ্জে আলহাজ নাছির উদ্দিন রোকন ডাকুয়াকে মনোনীত করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলার ভিত্তিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নেই প্রার্থী দিয়েছে দলটি। বাগধায় আব্দুল হান্নান মিয়া, বাকালে মো. শাহিন বখতিয়ার, রাজিহারে সৈয়দ মো. ইমরান, গৈলায় মো. জাহাঙ্গীর হোসেন এবং রত্নপুরে মো. খলিল শাহকে মনোনয়ন দেওয়া হয়েছে।
গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। খাঞ্জাপুরে মো. জামাল হোসেন মৃধা, বার্থীতে মো. মিরাজ শাহ, মাহিলাড়ায় মো. আরিফ গোমস্তা, নলচিড়ায় মো. কামাল হাওলাদার, বাটাজোড়ে মাওলানা বজলুর রশিদ এবং সরিকলে মো. ছানাউল ইসলামকে মনোনীত করেছে দলটি।
উজিরপুর উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে সাতটিতে প্রার্থী দেওয়া হয়েছে। সাতলায় মো. মুজাম্মেল হক, জল্লায় মো. মোস্তাফিজুর রহমান, ওটরায় মো. নজরুল ইসলাম, শোলকে মো. সাইফুল ইসলাম, বামরাইলে মো. শফিকুল ইসলাম, শিকারপুরে মো. আলাউদ্দিন খান এবং গুঠিয়ায় মুফতি মাসউদ হাসান ফিরোজ রয়েছেন।
বানারীপাড়া উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে ছয়টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিশারকান্দিতে হাফেজ মো. ওয়ালিউল্লাহ, সৈয়দকাঠীতে মুহাম্মাদ আশরাফুল ইসলাম, উদয়কাঠীতে মাওলানা শহিদুল ইসলাম, সলিয়াবাকপুরে মো. মাজহারুল ইসলাম, বাইশারীতে ওসমান আনিস এবং বানারীপাড়া সদর ইউনিয়নে মো. শাহজালালকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বাবুগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে প্রার্থী দিয়েছে দলটি। জাহাঙ্গীরনগরে মাওলানা মো. মিরাজুল ইসলাম, চাঁদপাশায় মো. নুর হোসেন সিকদার, রহমতপুরে মুফতি মো. বেলাল হোসাইন, দেহেরগতিতে মাওলানা খাইরুল ইসলাম এবং মাধবপাশায় মুফতি মাহমুদুল হাসানকে মনোনীত করা হয়েছে।
মুলাদী উপজেলার সাতটি ইউনিয়নেই প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। বাটামারায় হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ বরকত, সফিপুরে মাওলানা ক্বারী আবুল কাসেম জিহাদী, নাজিরপুরে মো. মেজবাহ উদ্দিন, গাছুয়ায় মুফতি হুমায়ুন কবির আরেফী, চরকালেখানে মাস্টার মো. নজরুল ইসলাম, মুলাদী সদরে মাওলানা মো. বায়েজিদ হোসেন নাঈম এবং কাজিরচরে মুফতি মো. ইউসুফ চোকদারকে প্রার্থী করা হয়েছে।
হিজলা উপজেলার ছয়টি ইউনিয়নেও প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। হরিণাথপুরে মাওলানা মো. জাকির হোসেন, মেমানিয়ায় মো. মোছলেম উদ্দিন খান, গুয়াবাড়িয়ায় আলহাজ মিজানুর রহমান, বড়জালিয়ায় মাওলানা আব্দুস সাত্তার, হিজলা গৌরব্দীতে মাওলানা মাইনুদ্দিন এবং ধুলখোলায় মাওলানা মো. ইসমাঈলকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার পাঁচটি ইউনিয়নের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আন্দারমানিকে মো. কামাল হোসেন খান, লতায় মো. বাকিউল্লাহ খান, জয়নগরে মুফতি আব্দুর রহমান এবং বিদ্যানন্দপুরে মো. কাওসার উদ্দিনকে মনোনীত করা হয়েছে।
এ ছাড়া মেহেন্দিগঞ্জ থানাধীন ১১টি ইউনিয়নের মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। মেহেন্দিগঞ্জ সদরে ডা. আব্দুর রশিদ খান, আলিমাবাদে মাওলানা ফয়সাল আহমেদ, জাঙ্গালিয়ায় মো. কবির হোসেন মোল্লা, চরগোপালপুরে হাফেজ মো. রুহুল আমিন, শ্রীপুরে মাওলানা মো. রাসেল হোসেন, চাঁনপুরে মো. ছালাম উদ্দিন বিশ্বাস, উলানিয়া উত্তরে মাওলানা আল আমিন এমদাদী, গোবিন্দপুরে মো. দুলাল রাড়ী, দড়িচর খাজুরিয়ায় মাওলানা মো. রেদোয়ান এবং চরএককরিয়ায় মাওলানা মো. হাবিবুর রহমানকে প্রার্থী করা হয়েছে।
বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টিতে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে দলটি। চরামদ্দিতে মো. রিয়াজ সিকদার, চরাদীতে মুফতি ইউনুস আহমাদ, দাড়িয়ালে মাওলানা মো. আবুল কালাম আজাদ, দুধালে মো. ইউসুফ হাওলাদার, দুর্গাপাশায় মো. কামাল উদ্দিন মাস্টার, ফরিদপুরে মো. রোকনুজ্জামান বাচ্চু, বকাইতে মো. ফরহাদ হোসেন মুন্সী, রঙ্গশ্রীতে মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীর, নলুয়ায় মো. হাফিজুর রহমান, কলসকাঠীতে মাওলানা মো. সোলাইমান, গারুড়িয়ায় মো. শাহিন সিকদার, ভরপাশায় মাওলানা মনিরুজ্জামান তালুকদার এবং পাদ্রীশিবপুরে মো. আনোয়ার হোসেন মৃধাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বরিশাল সদর উপজেলা ও এর অধীন ইউনিয়নগুলোতে প্রার্থী ঘোষণা বাকি থাকায় পরবর্তী সময়ে এসব আসনে দলীয় সিদ্ধান্ত আসতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









