বরিশালের উজিরপুরে নারীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত বায়েজিদ মিঠু উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উজিরপুর পৌর সদরের চৌরাস্তা টেম্পু স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শনিবার রাতে এক প্রতিবেশী নারীর গোপন ভিডিও ধারণের চেষ্টা করেন বায়েজিদ মিঠু। বিষয়টি বুঝতে পেরে ওই নারী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে আটক করেন।
পরে তাঁর ব্যবহৃত মুঠোফোন পরীক্ষা করে একাধিক নারীর গোপনে ধারণ করা ভিডিও পাওয়া গেছে বলে দাবি করেন স্থানীয়রা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উপস্থিত লোকজন তাঁকে মারধর করেন।
খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটি বিস্তারিত তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









