ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি গ্রাম নতুন বরিশল ইউনিয়নে যুক্ত করার প্রতিবাদে রেলপথ ও সড়ক অবরোধের চার ঘণ্টা পর কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা।
জেলা বিএনপির আশ্বাসে রবিবার (৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে দাবি পূরণ না হলে আগামী তিন দিনের মধ্যে আবারও অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিক।
এর আগে রবিবার সকাল সোয়া ৭টা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা এলাকায় রেলপথ ও সড়ক অবরোধ করেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। এতে ট্রেন ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রেলপথ অবরোধের কারণে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী অন্তত সাতটি আন্তনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার প্রস্তাবনায় নতুন ইউনিয়নটি গঠিত হয়। তার বাড়ি বরিশল গ্রামে, যা আগে বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।
বাসুদেব ইউনিয়ন থেকে চান্দি, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ি, বৈষ্ণবপুর ও বরিশল গ্রাম বিচ্ছিন্ন করে নতুন বরিশল ইউনিয়নে যুক্ত করার প্রতিবাদে আন্দোলন করে আসছেন এসব গ্রামের বাসিন্দারা। আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বাসুদেব ইউনিয়ন বিএনপির একাংশের নেতারা।
পরে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা আপাতত ৭২ ঘণ্টার জন্য অবরোধ কর্মসূচি স্থগিত করেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিক ঢাকা পোস্টকে জানান, আন্দোলনকারীরা চার ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়ায় আটকে থাকা যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাসুদেব ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন বলেন, ‘আমরা নতুন বরিশল ইউনিয়নের সঙ্গে যুক্ত হতে চাই না। এ দাবিতে আজ সকাল ৭টা থেকে অবরোধ কর্মসূচি পালন করেছি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এখানে এসেছেন। তার সঙ্গে কথা বলে আপাতত ৭২ ঘণ্টার জন্য কর্মসূচি প্রত্যাহার করেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন জেলা প্রশাসকের কার্যালয়ে সভা করতে যাব। আশা করি, সরকার আমাদের দাবি মেনে নেবে।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্দেশে এখানে এসেছি। আপনারা আমাদের তিন দিনের সময়সীমা দিয়েছেন এবং এই মুহূর্ত থেকে আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের অনুরোধ করছি, ইউনিয়নের পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধি আমাদের সঙ্গে যাবেন। সেখানে জেলা প্রশাসক, প্রশাসনের কর্মকর্তারা, সদরের সংসদ সদস্য ও আমরা থাকব। আপনাদের নিয়ে আলোচনা করে কীভাবে সুন্দরভাবে সিদ্ধান্ত নেওয়া যায় এবং আপনাদের আবেগ-অনুভূতির মূল্যায়ন করা যায়, সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা অবরোধ কর্মসূচি পালন করেন। প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









