পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের জমির মৃধার বাজার এলাকায় সুতাবাড়িয়া নদীর ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে আছে প্রায় ১১ বছর ধরে। এতে নদীর দুই পাড়ের অন্তত ১১টি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছোট ডিঙি নৌকায় নদী পারাপার হতে হচ্ছে তাঁদের। দীর্ঘ এক দশকের বেশি সময়েও সেতুটি পুনর্নির্মাণে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৪ ডিসেম্বর বালুবোঝাই একটি কার্গোর ধাক্কায় সেতুটির মাঝখানের অংশ ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় চার শিশুসহ পাঁচজন নদীতে পড়ে যান। তাঁদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও স্থানীয় রফাতুল আলমের পাঁচ বছর বয়সী মেয়ে নুরসাত জাহান নিখোঁজ হয়। পাঁচ দিন পর নদীতে তার মরদেহ ভেসে ওঠে। দুর্ঘটনায় বালুবোঝাই কার্গোটিও নদীতে ডুবে যায়। সেই মর্মান্তিক ঘটনার পর ১১ বছর পার হতে চললেও সেতুটি পুনর্নির্মাণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। লোহার বিমের ওপর কংক্রিটের স্ল্যাব বসিয়ে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ছিল প্রায় ১৫০ ফুট। এর মধ্যে মাঝখানের প্রায় ২৫ ফুট অংশ ভেঙে নদীতে পড়ে যায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সেতুর পূর্ব পাশে প্রায় সাত কিলোমিটার দূরে উপজেলা সদর। এ ছাড়া ওই পাশে রয়েছে বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী বাজার, জাফরাবাদ গ্রাম, বেতাগী শরীয়াতিয়া দাখিল মাদ্রাসা ও তাফালবাড়িয়া গ্রাম। অন্যদিকে পশ্চিম পাশে রয়েছে জমির মৃধা এলাকা, রামভল্লক গ্রাম, চিকার ব্রিজ এলাকা, খারিজা বেতাগী, দাবাড়ি এলাকা, রুনুয়া গ্রাম ও হুডি বন এলাকা। এ পাশে রয়েছে খারিজা বেতাগী মাধ্যমিক বিদ্যালয়ও।
পশ্চিম পাড়ের প্রায় সাত হাজার বাসিন্দাকে উপজেলা সদরে যাতায়াত করতে হয় এই সেতু দিয়ে। কিন্তু সেতুটি ভেঙে যাওয়ায় এখন তাঁদের প্রায় ২০ কিলোমিটার ঘুরে আরীপুরা বাজার হয়ে উপজেলা সদরে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছে।
সেতুর অভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে শিশু শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের দুর্ভোগের শেষ নেই। প্রতিদিন ছোট ডিঙি নৌকায় নদী পার হয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। বর্ষা মৌসুমে নদীতে স্রোত বাড়লে পারাপারের ঝুঁকি আরও বেড়ে যায়। বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ায় অভিভাবকদের উৎকণ্ঠাও বাড়ে। পাশাপাশি স্থানীয় কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা নিতে আসা নারী, শিশু ও অসুস্থ রোগীদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
খারিজা বেতাগী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ পারভেজ ও মুনিয়া জানায়, প্রতিদিন ছোট ডিঙি নৌকায় নদী পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়। এতে অনেক সময় নষ্ট হয়। প্রতিবারই দুর্ঘটনার আতঙ্ক নিয়ে নৌকায় উঠতে হয়। বৃষ্টি হলে কিংবা নদীতে স্রোত বাড়লে ভয় আরও বেড়ে যায়। একটি সেতুর অভাবে নিয়মিত পড়াশোনাও ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত সেতুটি পুনর্নির্মাণের দাবি জানায় তারা।
স্থানীয় বাসিন্দা শুভ মিয়া বলেন, ভাঙা সেতুর পাশেই একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থীসহ দুই পাড়ের মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করতেন। এখন তাঁদের ছোট নৌকায় নদী পার হতে হচ্ছে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে দেখে খুব কষ্ট হয়। আর কোনো প্রাণহানির অপেক্ষা না করে দ্রুত সেতুটি পুনর্নির্মাণ করা উচিত।
স্থানীয় ব্যবসায়ী হারুন মৃধা বলেন, একটি সেতু শুধু নদীর দুই পাড়কে সংযুক্ত করে না; এটি মানুষের শিক্ষা, চিকিৎসা, জীবিকা ও নিরাপদ চলাচলের অন্যতম মাধ্যম। দীর্ঘদিন ধরে সেতুটি ভেঙে পড়ে থাকায় ব্যবসা-বাণিজ্যসহ এলাকার সামগ্রিক জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আশ্বাস নয়, দ্রুত প্রকল্প গ্রহণ করে সেতু নির্মাণের কার্যকর পদক্ষেপ চান দুই পাড়ের হাজারো মানুষ।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) এ টি এম সাদিকুর রহমান বলেন, সরেজমিনে সেতুটি পরিদর্শন ও তদন্ত করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, সেতুটি এলজিইডির আওতাধীন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া যায় কি না, তা দেখা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠানো হবে।
দীর্ঘ ১১ বছর ধরে একটি সেতুর অভাবে বিচ্ছিন্ন হয়ে আছে নদীর দুই পাড়ের মানুষের যোগাযোগব্যবস্থা। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে সেতুটি পুনর্নির্মাণ করবে এবং তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









