চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মীসহ বিভিন্ন মামলার মোট ৩১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। অভিযানে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার ও আটক করা হয়। পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মীর মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৮ জন, হাইমচরে ১ জন, ফরিদগঞ্জে ২ জন, মতলব দক্ষিণে ৩ জন, মতলব উত্তরে ১ জন, হাজীগঞ্জে ৪ জন, শাহরাস্তিতে ২ জন এবং কচুয়ায় ৬ জন রয়েছেন।
এ ছাড়া চাঁদপুর সদর মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে জিআর ও সাজাপ্রাপ্ত মামলার আসামিদের মধ্যে মতলব উত্তর থেকে দুজন এবং কচুয়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে মতলব উত্তর থানা পুলিশ পাঁচজন এবং কচুয়া থানা পুলিশ চারজনকে আটক করে। পরে যাচাই-বাছাই শেষে তাঁদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমন ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









