ফরিদপুরে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড ও প্রত্যেককে ২ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামিমা পারভীন এই রায় দেন।
রায় ঘোষণার সময় সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো শাহীন শেখ (২৬), জয় শেখ (২৫), রহিম মোল্লা (২৫), মনির শেখ (৩০), হৃদয় খা (২৫), ইলিয়াস শিকদার (৪০), মোস্তাক শেখ (৩১) ও রিয়াজ শিকদার (২৫)। তারা সকলে জেলার সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পালডাঙ্গী ও ভূয়ারডাঙ্গী গ্রামের বাসিন্দা।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর দুপুরে ফেসবুকে পরিচয় এক বন্ধুর সাথে দেখা করতে আসেন ভুক্তভোগী তরুণী। এ সময় সেই যুবকের আসতে দেরি হলে শহরতলীর ধলার মোড়ে নদীর পাড়ে ঘুরতে যান তিনি। এ সময় নদীর পারে কাশবেন নিকট বন্ধু জন্য অপেক্ষায় থাকা তরুণীকে ওই আট যুবক দলবদ্ধভাবে ধর্ষণ করে ও ভিডিও ধারণ করে।
সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যেমে ছেড়ে দেওয়ার ৮ মাস পরে নজরে আসে পুলিশের। পরে ২০২০ সালের ৫ আগস্ট ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ওই ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক ফরহাদ হোসেন বাদী হয়ে কোতয়ালী থানায় ধর্ষণসহ পর্নগ্রাফি আইনে মামলা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও দেখে প্রথমে শাহিন নামের এক যুবককে আটক করে পুলিশ। পরে একে একে সাতজন যুবককে শনাক্ত করে আটক করে।
এ মামলায় তদন্ত করেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আইয়ুব আলী। তিনি ২০২১ সালের ৩০ জানুয়ারি ৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালতে দীর্ঘদিন সাক্ষ্য গ্রহণ ও শুনানির মাধ্যমে ৮ জনকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘‘এ ঘটনায় ভুক্তভোগী তরুণীকে পাওয়া যায়নি। এরপর পুলিশ দায়িত্বের জায়গা থেকে মামলা করেন এবং তদন্ত করে আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনেন। পরবর্তীতে আসামিরা একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য দেন এবং নিজেদের দোষ স্বীকার করেন।’’
তিনি বলেন, ‘‘এছাড়া ভিডিওটি ফরনেসিক করে আসল বলে প্রমাণিত হয় এবং ভিডিওতে থাকা আসামিদের পরিহিত কাপড়েরও ফরনেসিকের মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়। আদালত যথাযত ডকুমেন্টারি ও আসামিদের দোষ স্বীকারোক্তির মাধ্যমে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়। এ রায়ের মধ্যে দিয়ে সমাজে বড় একটি বার্তা বহন করে যে- এ ধরনের অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









