হামে শিশুদের মৃত্যুর ঘটনায় নিজের ব্যর্থতা স্বীকার করে দায় নিজের কাঁধে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে এ ব্যর্থতা সরকারের নয় বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে এক সাংবাদিক স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান, গত সাত মাসে হামে প্রায় ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে। এ ঘটনায় কাউকে না কাউকে দায় স্বীকার করতে হবে বলেও মন্তব্য করেন ওই সাংবাদিক।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি। আমার সরকারের ব্যর্থতা না।’’
হামের টিকা সংগ্রহ নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, টিকার বড় অংশ ভারত থেকে আনা হয়েছে বলে যে প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়। মোট টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে সংগ্রহ করা হয়েছে। বাকি টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে। এসব টিকা স্বল্পমূল্যে সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অনেক অভিভাবক তাদের শিশুদের হামের টিকা দেননি। বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের প্রায় কেউই টিকা নেয়নি। আক্রান্ত শিশুদের বড় একটি অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে ভর্তি থাকা হামের রোগীদের প্রায় কারও টিকা নেওয়ার ইতিহাস নেই বলেও তাকে জানানো হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









