ময়মনসিংহ নগরের সারদা ঘোষ রোড এলাকায় অবস্থিত জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তরা চত্বরটিতে আগুন দেয়। এতে স্টিলের তৈরি স্মৃতিফলকটি পুড়ে বিবর্ণ হয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা।
সোমবার (৯ নভেম্বর) সকালে কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এএসআই শেখ হাবিবুর রহমান অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার পরপরই পোড়া স্মৃতিফলকের নিচে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সদস্য সচিব খলিলুর রহমান এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সাগর চত্বরে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ফায়ার সার্ভিসকে অবহিত করে ঘটনাস্থলে যায়।
অনশনস্থলে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন অভিযোগ করে জানান, আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী পালিয়ে যাননি এবং প্রশাসনের প্রটোকলে এখনো ময়মনসিংহে অবস্থান করছেন, তাদের সংশ্লিষ্টতার কারণে এ ঘটনা ঘটেছে। তার দাবি, সাগর চত্বরে অগ্নিসংযোগের ঘটনা জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
তিনি বলেন, ‘‘এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের আমরণ অনশন চলবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









