২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুন করে সামনে এনেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের গৌরবময় অধ্যায়। একইভাবে ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানও দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এ অভ্যুত্থান জনগণের ভোটাধিকার ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন যাত্রার সূচনা করেছে।
তিনি বলেন, গণতন্ত্র ছাড়া কোনো দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে সংবিধানের মর্যাদা রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা এ সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।
সংসদীয় গণতন্ত্রের পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে স্পিকার বলেন, আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা এবং দায়িত্বশীল মতপ্রকাশই সংসদীয় গণতন্ত্রের মূল ভিত্তি। ভিন্নমত ও ভিন্ন রাজনৈতিক পথের সহাবস্থানই সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য।
তিনি আরও বলেন, সংসদের ভেতরে আলোচনা ও বিতর্কের মধ্য দিয়েই সব সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
স্পিকার আশা প্রকাশ করেন, অধিবেশন চলাকালে সংসদ সদস্যরা সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে দায়িত্ব পালন করবেন। এর মধ্য দিয়ে দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে তারা কার্যকর ভূমিকা রাখবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









