নীলফামারীর সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ভোরে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ শাহপাড়ার মৃত শফিয়ার রহমানের ছেলে। তিনি দেবীগঞ্জ প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে ছেলে সারোয়ার হোসেন শাহিনকে সঙ্গে নিয়ে পঞ্চগড়ে ফিরছিলেন আব্দুর রাজ্জাক। ভোর ৩টা ৫৫ মিনিটে ট্রেনটি সৈয়দপুর স্টেশন ছেড়ে যাওয়ার পর তিনি টয়লেট থেকে বের হন। এ সময় ট্রেনের ঝাঁকুনিতে ভারসাম্য হারিয়ে বগির খোলা দরজা দিয়ে নিচে পড়ে যান তিনি। এতে তার মাথা, বাম পা ও হাতে গুরুতর আঘাত লাগে।
পরে ট্রেনের যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
তবে রংপুরে নেওয়ার প্রস্তুতিকালে হাসপাতালের জরুরি বিভাগে অ্যাম্বুলেন্সে তোলার সময় তার মৃত্যু হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টয়লেট থেকে বের হওয়ার পর চলন্ত ট্রেনের দরজা দিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই যাত্রী। এ ঘটনায় নিহতের ছোট ভাই রেজাউল করিম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









