ভোলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে ভোলা সদর বাসস্ট্যান্ড সংলগ্ন বেপারী বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রায় ৪৬ সেকেন্ডের ভিডিওতে ২০ থেকে ৩০ জন নেতাকর্মীকে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ বি এম রাশেদুজ্জামান হ্যাভেনের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও কথিত ফরমায়েশি রায় প্রত্যাখ্যানের দাবি জানানো হয়।
পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং পোশাক শ্রমিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
এদিকে, মিছিলের নেতৃত্বে থাকা এ বি এম রাশেদুজ্জামান হ্যাভেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কর্মসূচি আয়োজনের বিভিন্ন প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেন।
তিনি জানান, কর্মসূচির স্থান, সময়সহ বিভিন্ন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় নিরাপত্তাহীনতা তৈরি হয়। এ কারণে চারবার স্থান পরিবর্তন করতে হয়। এমন পরিস্থিতিতে পূর্বনির্ধারিত কর্মীদের বাদ দিয়ে নতুন স্থান ও প্রস্তুতি নিয়ে কর্মসূচি সম্পন্ন করেন তারা। তবে নানা প্রতিবন্ধকতার কারণে পরিকল্পনার মাত্র ১০ শতাংশ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘‘নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির ভিডিও দেখার পর এতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় শনাক্তকরণ ও অভিযান অব্যাহত রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









