প্রথম ব্যবসায়িক উদ্যোগে ব্যর্থ হয়েছিলেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তবে সেই ব্যর্থতাকেই জীবনের অন্যতম বড় শিক্ষা হিসেবে দেখছেন তিনি। অভিনেত্রীর মতে, ব্যবসায় প্রথমবারের ব্যর্থতা তাকে সফলতার চেয়েও বেশি কিছু শিখিয়েছে। পরবর্তী সময়ে বিনিয়োগ ও ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সম্প্রতি ‘দ্য মাসুম মিনাওয়ালা শো’-তে অংশ নিয়ে নিজের ব্যবসায়িক অভিজ্ঞতার কথা জানান সামান্থা। সেখানে তিনি বলেন, তার প্রথম ব্যবসায়িক অংশীদারত্ব সফল হয়নি। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে না চাইলেও ব্যর্থতার ইতিবাচক দিক তুলে ধরেন তিনি।
সামান্থার ভাষায়, জীবনের প্রথম কোনো প্রকল্পে বিনিয়োগ করে ব্যর্থ হওয়া অনেক সময় ভালো অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। কারণ, সফলতার তুলনায় ব্যর্থতা থেকে অনেক বেশি শেখার সুযোগ থাকে। নিজের জীবনেও সফলতার চেয়ে ব্যর্থতা থেকেই বেশি শিক্ষা পেয়েছেন বলে জানান এই অভিনেত্রী।
ব্যবসায় নারীদের অংশগ্রহণ নিয়েও কথা বলেন সামান্থা। তার মতে, ব্যবসা শুরু করার ক্ষেত্রে নারীদের মধ্যে ভয় তুলনামূলক বেশি কাজ করে। এই ভয় কাটিয়ে নারীদের উদ্যোক্তা হয়ে ওঠার বিষয়টি তাকে অনুপ্রাণিত করে।
অভিনেত্রী জানান, এখন পর্যন্ত তিনি প্রায় আট থেকে দশটি ব্যবসাপ্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। এর মধ্যে আটটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নারী। নারী উদ্যোক্তাদের সঙ্গে কাজ করাকে নিজের জন্য নতুন অভিজ্ঞতা ও শেখার সুযোগ হিসেবে দেখছেন তিনি।
সামান্থার বর্তমান ব্যবসায়িক উদ্যোগের মধ্যে রয়েছে সুগন্ধি ব্র্যান্ড ‘সিক্রেট অ্যালকেমিস্ট’, পোশাক ব্র্যান্ড ‘সাকি’ এবং অ্যাকটিভওয়্যার ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘মাইল কালেকটিভ’। এ ছাড়া সাপ্লিমেন্ট ব্র্যান্ড ‘গাটাকা’র সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, সামান্থার সহপ্রতিষ্ঠিত সিক্রেট অ্যালকেমিস্ট ব্র্যান্ডের আয় আট মাসে আট গুণ বেড়ে ১২০ কোটি ভারতীয় রুপি ছাড়িয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে তার এই অগ্রগতি অভিনেত্রীর বিনিয়োগ কার্যক্রমকে নতুন করে আলোচনায় এনেছে।
অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক জগতেও নিজের অবস্থান তৈরি করছেন সামান্থা। প্রথম উদ্যোগের ব্যর্থতাকে পেছনে ফেলে একের পর এক প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাচ্ছেন তিনি। তার মতে, ব্যর্থতা শেষ নয়; বরং নতুন করে শেখা ও ঘুরে দাঁড়ানোর একটি সুযোগ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









