হলিউডের জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের নতুন অভিনেতা নির্বাচন নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। ০০৭ চরিত্রে অভিনয়ের জন্য এবার গোপন স্ক্রিন টেস্টে অংশ নিয়েছেন হলিউডের দুই পরিচিত তারকা রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হল্ট। তাদের অংশগ্রহণে নতুন জেমস বন্ড নির্বাচনের প্রতিযোগিতা আরও জমে উঠেছে।
বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম কসমিক বুক নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে জেমস বন্ড চরিত্রের জন্য চারজন অভিনেতার স্ক্রিন টেস্টের খবর প্রকাশ্যে এসেছিল। তারা হলেন ক্যালাম টার্নার, জ্যাক লোডেন, জশ ও'কনর এবং একজন অজ্ঞাত অভিনেতা। তবে নতুন তথ্যে জানা গেছে, অজ্ঞাত একজন নয়, বরং আরও দুজন পরিচিত অভিনেতা এই চরিত্রের জন্য অডিশন দিয়েছেন।
হলিউড রিপোর্টারের হিট ভিশন নিউজলেটার এবং ডেডলাইনের প্রতিবেদনের বরাত দিয়ে জানানো হয়েছে, রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হল্ট সম্প্রতি গোপনে স্ক্রিন টেস্টে অংশ নেন। ফলে নতুন জেমস বন্ড হওয়ার দৌড়ে এখন তাঁদের নামও যুক্ত হয়েছে।
রবার্ট প্যাটিনসন বিশ্বজুড়ে পরিচিত ‘টোয়াইলাইট’ চলচ্চিত্র সিরিজ এবং ‘দ্য ব্যাটম্যান’-এ অভিনয়ের জন্য। বর্তমানে তিনি ব্যাটম্যান চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে নিকোলাস হল্ট ‘এক্স-মেন’, ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ ও ‘সুপারম্যান’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন। ‘সুপারম্যান’ চলচ্চিত্রে তিনি ভিলেন লেক্স লুথরের চরিত্রে অভিনয় করেছেন।
ডেডলাইনের সাংবাদিক জাস্টিন ক্রোল এর আগে দুই রহস্যময় অভিনেতাকে নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তার দেওয়া সূত্র অনুযায়ী, একজন ২০২৬ সালে মুক্তি পেতে যাওয়া অ্যামাজনের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, আর অন্যজন মুখোশ পরতে পরিচিত। পরবর্তী সময়ে এই ইঙ্গিতের সঙ্গে নিকোলাস হল্ট ও রবার্ট প্যাটিনসনের নাম মিলে যায়।
এদিকে, জেমস বন্ড চরিত্রের জন্য ক্যালাম টার্নার, জ্যাক লোডেন ও জশ ও'কনরের নামও আলোচনায় রয়েছে। এর মধ্যে ক্যালাম টার্নারকে নিয়ে আলোচনা আরও বেড়েছে। সাবেক জেমস বন্ড অভিনেতা পিয়ার্স ব্রসনানও টার্নারের প্রশংসা করেছেন।
তবে এখন পর্যন্ত নতুন জেমস বন্ড হিসেবে কারও নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি অ্যামাজন এমজিএম স্টুডিওস। প্রযোজক অ্যামি প্যাসকেল ২০২৬ সালের শেষ নাগাদ নতুন অভিনেতার নাম ঘোষণার সম্ভাবনার কথা জানিয়েছেন।
নতুন বন্ড সিনেমাটি পরিচালনা করবেন ‘ডিউন’খ্যাত নির্মাতা ডেনিস ভিলনভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’-এর নির্মাতা স্টিভেন নাইট। ২০২৮ সালে সিনেমাটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৭ সালে ছবিটির নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ড্যানিয়েল ক্রেইগের অভিনীত শেষ জেমস বন্ড সিনেমা ‘নো টাইম টু ডাই’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে। এরপর থেকেই পরবর্তী ০০৭ চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









