দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৬ জনে। একই সময়ে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে ঢাকা বিভাগে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।
হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যায়ও শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ১ হাজার ৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ২৭৭ জন, চট্টগ্রামে ২৬৫ জন, বরিশালে ২৪৩ জন, রাজশাহীতে ১৮৮ জন, ময়মনসিংহে ১১১ জন, রংপুরে ৮৩ জন এবং সিলেট বিভাগে ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ২২৪ জন।
বাকি মৃত্যুর মধ্যে খুলনা বিভাগে ৮৪ জন, চট্টগ্রামে ৪৭ জন, ময়মনসিংহে ৩৮ জন, বরিশালে ৩২ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে আটজন এবং সিলেট বিভাগে চারজন রয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









