পরিবেশ ও প্রতিবেশ রক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে কুষ্টিয়ায় অবৈধ ইটভাটা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে চলতি ইটভাটা মৌসুমের পঞ্চম অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়া সদর উপজেলার ই.বি থানাধীন নৃসিংহপুর ও মনোহরদিয়া এলাকায় এক বড় ধরনের অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (৯ নভেম্বর) সকালে পরিচালিত অভিযানে আইন অমান্য করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনাকারী ‘মেসার্স এ এস বি ব্রিকস’ নামে একটি ইটভাটার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়।
অভিযানের সময় স্কেভেটর দিয়ে ইটভাটাটির কিলন ও বিশাল চিমনি পুরোপুরি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনার সময় বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান।
অভিযানে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা দেন কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদুল হক এবং সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব। এছাড়াও এ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অভিযানে অংশ নেন।
উচ্ছেদ অভিযান পরিচালনাকালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে কুষ্টিয়া জেলা পুলিশ ও জেলা আনসার ব্যাটালিয়নের দক্ষ ও চৌকস সদস্যগণ মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেন।
কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদুল হক জানান, কৃষি জমি রক্ষা, জনস্বাস্থ্য ও বায়ুদূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। পরিবেশ ও প্রতিবেশ রক্ষার্থে জেলা জুড়ে অবৈধভাবে গড়ে ওঠা ও পরিচালিত সব ধরনের ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই উচ্ছেদ ও ধ্বংসাত্মক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









