বিদ্যুৎ সংযোগ পাওয়ার আশায় কেউ দিয়েছেন সাড়ে ৭ হাজার টাকা, কেউবা ৩৫ হাজার টাকা। কিন্তু অভিযোগ, টাকা দিয়েও মেলেনি বৈধ সংযোগের নিশ্চয়তা। কোথাও অবৈধভাবে মিটার ও বিদ্যুতের খুঁটি স্থাপন, আবার কোথাও বিদ্যুৎ বিলের কপি না পেয়েই বিল পরিশোধের চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগাতিপাড়া সাব-জোনাল অফিসের এক ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা।
অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, মিটার ও বিদ্যুৎ সংযোগের বৈধতা নিশ্চিত এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
অন্যদিকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি, তাদের অগোচরে কেউ প্রযুক্তির অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে স্থানীয়দের প্রশ্ন, সংশ্লিষ্ট দপ্তরের জনবল ও অবকাঠামো ব্যবহার করে বিদ্যুতের খুঁটি স্থাপন, তার টানা ও মিটার সংযোগের মতো কাজ কীভাবে কর্তৃপক্ষের অজান্তে সম্পন্ন হলো?
ভুক্তভোগীদের অভিযোগ ও সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, উপজেলার পেড়াবাড়িয়া মহল্লার মোছা. সাথি খাতুনের কাছ থেকে বিদ্যুৎ মিটার দেওয়ার কথা বলে সাড়ে ৭ হাজার টাকা নেওয়া হয়। পরে তাঁর বাড়িতে একটি মিটার স্থাপন করা হলেও সেটিতে অবৈধভাবে সংযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
একইভাবে পৌরসভার লক্ষণহাটি মহল্লার মো. মিজানুর রহমানের কাছ থেকে বিদ্যুতের খুঁটি, লাইন ও মিটার স্থাপনের কথা বলে ৩৫ হাজার টাকা নেওয়া হয়। তাঁর অভিযোগ, পরে অবৈধভাবে মিটার সংযোগ দেওয়া হয়। অন্যদিকে একই মহল্লার মো. সামিউল ইসলাম বিদ্যুৎ বিলের কপি না পেয়েও বিল পরিশোধের চাপের মুখে পড়েছেন।
তিনটি ঘটনায়ই ইলেকট্রিশিয়ান মো. জহুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, বিদ্যুৎ সংযোগের জন্য প্রথমে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করলে সেখান থেকে ইলেকট্রিশিয়ানের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। পরে তাঁর মাধ্যমেই মিটার ও বিদ্যুৎ সংযোগের কার্যক্রম সম্পন্ন করেন তাঁরা।
পৌরসভার লক্ষণহাটি মহল্লার মো. মিজানুর রহমান বলেন, বিদ্যুতের একটি খুঁটি, লাইন ও মিটার স্থাপনের কথা বলে ইলেকট্রিশিয়ান জহুরুল ইসলাম তাঁর কাছ থেকে ৩৫ হাজার টাকা নেন। প্রায় এক বছর ঘোরানোর পর অন্য জায়গা থেকে একটি খুঁটি এনে এক স্প্যানের বিদ্যুৎ লাইন নির্মাণ করে দেওয়া হয়। তবে সেটি অবৈধভাবে স্থাপন করা হয়েছে বলে অভিযোগ তাঁর।
মিজানুর রহমান আরও বলেন, মিটার স্থাপনের তিন মাস পেরিয়ে গেলেও তাঁর নামে কোনো বিদ্যুৎ বিল তৈরি হয়নি। বিষয়টি অফিসকে জানালে অবৈধ সংযোগের অভিযোগে ১৮ হাজার টাকা জরিমানা দাবি করা হয়। ওই টাকা দিতে না পারায় তাঁর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি খুঁটি ও মিটারের বৈধতা নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
একই মহল্লার মো. সামিউল ইসলাম বলেন, বিদ্যুৎ সংযোগের জন্য ইলেকট্রিশিয়ান জহুরুল ইসলামকে ৭ হাজার টাকা দিয়েছেন তিনি। গত কোরবানির ঈদের দিন তাঁর বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো বিলের কপি পাননি। মিটারে ৫৯৬ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের হিসাব দেখানো হলেও বিল না পাওয়ায় বিপাকে পড়েছেন তিনি। তাঁর অভিযোগ, বিলের কপি না দিয়েই বিদ্যুৎ বিল পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছে। বিষয়টি সমাধানে একাধিকবার অনুরোধ করেও প্রতিকার পাননি।
অন্যদিকে পেড়াবাড়িয়া মহল্লার মোছা. সাথি খাতুন বলেন, বিদ্যুৎ মিটার দেওয়ার কথা বলে ইলেকট্রিশিয়ান জহুরুল ইসলাম তাঁর কাছ থেকে সাড়ে ৭ হাজার টাকা নেন। ছয় মাস পর তাঁর বাড়িতে একটি মিটার স্থাপন করে দেওয়া হলেও সেটি অবৈধ বলে অভিযোগ ওঠে। ওই মিটারের বিপরীতে তাঁর নামে কোনো বিদ্যুৎ বিল তৈরি না হওয়ায় বিষয়টি অফিসকে জানান। পরে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে তাঁকে প্রায় ৫ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে বলে জানান তিনি।
সাথি খাতুনের আরও অভিযোগ, এজিএমের নির্দেশে তাঁকে মোবাইল ফোনে ভিডিও বক্তব্য ধারণ করতে বাধ্য করা হয়। কিন্তু তাতেও মিটারের বৈধতা নিশ্চিত হয়নি। রেলের জমিতে বসবাসকারী এই হতদরিদ্র নারী তাঁর মিটারের বৈধতা নিশ্চিত করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে ইলেকট্রিশিয়ান মো. জহুরুল ইসলাম বলেন, অফিস থেকে চিঠির মাধ্যমে তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হলে তিনি জবাব দিয়েছেন। তিনি বলেন, ‘আমি ওই গ্রাহকের বাড়িতে যাইনি, ওয়ারিং করিনি এবং তাঁর সঙ্গে কোনো ধরনের লেনদেনও করিনি। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।’
এ বিষয়ে বাগাতিপাড়া সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. হেলালুর রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। আমরা চাই, অপরাধীরা শাস্তি পাক।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) টি এম মেসবাহ উদ্দিন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘটনাগুলো তদন্ত করছে। তদন্তে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









