শীতের আগমনী বার্তায় প্রকৃতির অপরূপ সাজে সেজেছে উত্তরাঞ্চলের বৃহত্তম জলাভূমি চলনবিল। অতিথি ও পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে বিলের জলাশয়, মাঠঘাট ও বিস্তীর্ণ ফসলের ক্ষেত। ভোরের আলো ফুটতেই ঝাঁকে ঝাঁকে পাখির উড়ে বেড়ানো, পানিতে ডুব দিয়ে মাছ শিকার আর বিলের তীরে খাবারের সন্ধানে বিচরণে বদলে গেছে চলনবিলের চিরচেনা দৃশ্যপট।
নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে থাকা চলনবিলের বিভিন্ন স্থানে এখন দেখা মিলছে নানা প্রজাতির পাখির। এর মধ্যে রয়েছে সাদাবক, গাঙচিল, বালিহাঁস, পানকৌড়ি, কাদাখোঁচা, ডাহুক, শামুকখোল ও রাতচোরাসহ বিভিন্ন প্রজাতির পাখি। কখনো দলবেঁধে নীল আকাশে উড়ছে, কখনো অগভীর পানিতে মাছ শিকার করছে, আবার কখনো জলাশয়ের কিনারে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে পাখির দল।
বর্ষার পানি কমে যাওয়ায় চলনবিলের বিভিন্ন খাল, নদী ও জলাশয়ে মাছসহ জলজ প্রাণীর সহজলভ্যতা তৈরি হয়েছে। খাবারের সন্ধানে এসব জলাভূমিতে আশ্রয় নিচ্ছে দেশি ও পরিযায়ী পাখি। পাখির অবাধ বিচরণে বিলের প্রাকৃতিক সৌন্দর্য যেমন বেড়েছে, তেমনি প্রাণ ফিরে পেয়েছে জলাভূমির জীববৈচিত্র্য।
বিশেষ করে নাটোরের সিংড়া উপজেলা এবং নাটোর-বগুড়া মহাসড়কের দুই পাশের জলাভূমি ও সিংড়া-বারুহাস-তাড়াশ সড়কের আশপাশের এলাকায় পাখির বিচরণ চোখে পড়ার মতো। পাখির এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা।
তবে চলনবিলের এই সৌন্দর্যের আড়ালে রয়েছে উদ্বেগও। জলাভূমি সংকুচিত হওয়া, পানির স্বল্পতা এবং একশ্রেণির অসাধু শিকারির অবৈধ তৎপরতায় হুমকির মুখে পড়ছে পাখির নিরাপদ আবাসস্থল। বিভিন্ন কৌশলে ফাঁদ পেতে ও বিষটোপ ব্যবহার করে পাখি শিকারের অভিযোগ রয়েছে। ফলে শীতের অতিথি পাখির নিরাপত্তা নিয়ে চিন্তিত পরিবেশকর্মীরা।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, প্রতিবছর শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির পাখি খাবারের সন্ধানে চলনবিলে আসে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি এসব পাখি শিকারের জন্য ফাঁদ পাতে। পাখি রক্ষায় তাঁরা দীর্ঘদিন ধরে বিলের দুর্গম এলাকায় কাজ করছেন। শিকারের খবর পেলে প্রশাসনকে অবহিত করা এবং স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা তৈরির কার্যক্রমও চালানো হচ্ছে।
স্থানীয় কৃষকদের কাছে সাদাবক বিশেষভাবে উপকারী পাখি হিসেবে পরিচিত। জমিতে হালচাষের সময় বকের দল কৃষকের পেছনে পেছনে ঘুরে ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলে। এতে ফসলের উপকার হয়। পাখি শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, পরিবেশের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, চলনবিলের জীববৈচিত্র্য ও অতিথি পাখি সংরক্ষণে প্রশাসন কাজ করছে। পাখি শিকারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্য করে কেউ পাখি শিকার করলে তার বিরুদ্ধে জেল-জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকৃতির এই অনন্য সৌন্দর্য ধরে রাখতে অতিথি পাখির নিরাপদ বিচরণ নিশ্চিত করা জরুরি। এ জন্য অবৈধ পাখি শিকার বন্ধ, জলাভূমি সংরক্ষণ, অভয়াশ্রম প্রতিষ্ঠা এবং প্রশাসনের নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন পরিবেশসচেতন মানুষ। তাঁদের মতে, সম্মিলিত উদ্যোগ নেওয়া গেলে চলনবিল শুধু মাছ ও ফসলের ভান্ডার হিসেবেই নয়, দেশি-বিদেশি পাখির নিরাপদ আশ্রয়স্থল হিসেবেও পরিচিতি পাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









