গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১১টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পর্যায়ক্রমে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে শ্রমিকদের বিক্ষোভ ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে গাজীপুরের অধিকাংশ তৈরি পোশাক কারখানা খুলে দেওয়া হয়। এ সময় শ্রমিকেরা নিজ নিজ কর্মস্থলে যোগ দেন। তবে কোনাবাড়ী এলাকার রিপন নিটওয়্যার লিমিটেড ও কাশিমপুর এলাকার মন্ডল গ্রুপের শ্রমিকেরা বিক্ষিপ্তভাবে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন।
পরে সকাল সাড়ে ১১টার দিকে ইসলামপুর এলাকায় নর্প ইন্ডাস্ট্রির শ্রমিকেরা মাসিক ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। এ পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় গিয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। পাশাপাশি আশপাশের কারখানার শ্রমিকদেরও তাদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।
এ সময় আশপাশের কারখানার শ্রমিকেরা জড়ো হতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নাওজোড়, ইটাহাটা, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকার ১১টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি ঘোষণার পর অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও কিছু শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। তারা নাওজোড় থেকে মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে অবস্থান নেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘‘সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক ছিল। তবে শ্রমিক বিক্ষোভের মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১১টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।’’
তিনি বলেন, ‘‘পরিস্থিতি বিবেচনায় শিল্প পুলিশ ও থানা পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি, আনসার এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









