নোয়াখালী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। পুলিশি কার্যক্রমে দক্ষতা, পেশাদারিত্ব, আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা এবং অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় এ বছরের অক্টোবর মাসে তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে নোয়াখালী জেলা পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় তাকে এ পুরস্কার দেওয়া হয়।
নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন সভাশেষে তিনি সোনাইমুড়ী থানার ওসির হাতে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেন। এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, সোনাইমুড়ী থানায় অক্টোবর মাসের অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় ওসি কবির হোসেনের নেতৃত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, অপরাধী গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। তিনি এ থানায় যোগদানের পর কমেছে মাদকের ভয়াবহতা, খুন-খারাপি, অপহরণ, চুরি, ডাকাতি, ছিনতাইসহ চাঁদাবাজির ঘটনা। বর্তমান পরিস্থিতিতে স্বস্তিবোধ করছেন উপজেলার কৃষক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা।
তিনি সোনাইমুড়ী থানায় ২০২৫ সালের ডিসেম্বর মাসে যোগদান করেন। এরআগে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নানা কৌশল অবলম্বন করে অল্প দিনের মধ্যেই জন সাধারণের কাছে তিনি সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, জনসাধারণের নিরাপত্তা দেওয়াই তার কাজ। তিনি আগামীতেও এ ধারা অব্যাহত রাখবেন বলে জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









