দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় চ্যাং সিয়াও জুন (৪৩) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে খনির ১৪০৫ নম্বর ফেজে এ ঘটনা ঘটে।
খনি কর্তৃপক্ষ জানায়, চ্যাং সিয়াও জুন খনির ভেন্টিলেশন বিভাগের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার ভোরে তিনি সহকর্মীদের সঙ্গে ভূগর্ভে কাজ করছিলেন। শিফট শেষে অন্য শ্রমিকেরা ওপরে ফিরে এলেও তিনি না ফেরায় বিষয়টি কন্ট্রোল রুমে জানানো হয়। পরে উদ্ধারকারী দল খনির একটি সড়ক থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। খনির কয়েকজন শ্রমিকের ধারণা, ভূগর্ভে অক্সিজেনের ঘাটতির কারণে এ ঘটনা ঘটতে পারে।
বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক জানান, মরদেহ পাওয়ার পর চীনা কনসোর্টিয়াম নিজস্ব নিয়ম ও পদ্ধতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









