গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধর্মঘটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের নেতৃত্বে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার ও উপজেলা যুবদলের সদস্যসচিব মান্নান শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
এদিকে ধর্মঘটকে কেন্দ্র করে সোমবার রাতে উপজেলার কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসা, ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কাজী মন্টু কলেজ ও ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চবিদ্যালয়ের ফটকে তালা লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
এ ছাড়া রাতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের সামনে ও টুপুরিয়া বাসস্ট্যান্ডে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নাবিল হাসান (২০) নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের জটিয়ারবাড়ী গ্রামের আখতারুজ্জামানের ছেলে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘‘ককটেল বিস্ফোরণের ঘটনায় নাবিল হাসান নামে এক যুবককে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









