রাঙামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোন পরিচালিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’র প্রথম সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন মারিশ্যা জোনের জোন কমান্ডার ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
অনুষ্ঠানে মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্ব, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, ৩৭ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক মোহাম্মদ হাছান আলী, বিজিবির সহকারী পরিচালক হাফিজুর রহমান, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার, পরিচালনা পরিষদের সদস্য মো. সিরাজুল ইসলাম ও প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ সাজুসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অভিভাবকেরা বিদ্যালয়ের শিক্ষার মান, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষক ও কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। ‘স্বপ্নপুঞ্জ’ প্রকাশের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা বিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, পরিচালনা পরিষদ ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের আশাবাদও ব্যক্ত করেন তিনি।
মোড়ক উন্মোচন শেষে অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের হাতে স্মরণিকার কপি তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান ও নাচসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








