ভারতের বিরোধী দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত স্মৃতিকথা বিলংগিং ঘিরে দেশটির রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অভিযোগ করেছে, বইটিতে কংগ্রেস ও নেহরু-গান্ধী পরিবারের অতীতের নানা বিতর্কিত ঘটনা আড়াল করার চেষ্টা করেছেন সোনিয়া। তবে কংগ্রেসের নেতাদের পাল্টা অভিযোগ, বইটিকে ঘিরে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বিজেপি।
মঙ্গলবার প্রকাশিত বিলংগিং বইয়ে ইতালিতে জন্ম নেওয়া সোনিয়া গান্ধী তার ব্যক্তিগত জীবন, রাজনীতিতে প্রবেশ এবং ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারগুলোর একটিতে নিজের জায়গা করে নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন। ইংল্যান্ডে শিক্ষার্থীজীবন থেকে শুরু করে রাজীব গান্ধীর সঙ্গে পরিচয়, বিয়ে এবং ভারতের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ এক পরিবারের সদস্য হয়ে ওঠার কাহিনি রয়েছে এতে।
৭৯ বছর বয়সী সোনিয়া ২০০৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে ভারতের স্বাধীনতার পর বিভিন্ন সময়ে প্রায় ৫৫ বছর দেশ শাসন করা কংগ্রেসের নেতৃত্বে তার পরিবারের প্রভাব এখনো গুরুত্বপূর্ণ।
বিজেপির মুখপাত্র সি আর কেশবন এক ভিডিওবার্তায় বলেন, সোনিয়া বইটির নাম বিলংগিং না রেখে হোয়াইটওয়াশিং (ইতিহাসের কলঙ্ক মুছে ফেলা) রাখতে পারতেন। তার অভিযোগ, নেহরু-গান্ধী পরিবারের ঐতিহাসিক ভুলগুলোকে মিষ্টি কথায় আড়াল করা এবং কংগ্রেসের গুরুতর অপরাধগুলো ধামাচাপা দেওয়াই বইটির উদ্দেশ্য।
শিখবিরোধী দাঙ্গা ও জরুরি অবস্থা নিয়ে বিতর্ক
বিজেপি নেতা কেশবন ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গ টেনে আনেন। ওই বছরের ৩১ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত হওয়ার পর ভারতের বিভিন্ন স্থানে শিখদের ওপর ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে প্রায় তিন হাজার মানুষ নিহত হন।
মানবাধিকারকর্মীদের অভিযোগ, ওই সহিংসতা ঠেকাতে কংগ্রেস যথাযথ ভূমিকা নেয়নি। বরং দলের কয়েকজন নেতা দাঙ্গা সংঘটিত করতে সহায়তা করেছিলেন।
স্মৃতিকথায় সোনিয়া এই দাঙ্গাকে ভারতের ইতিহাসের একটি ‘মর্মান্তিক ও লজ্জাজনক অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেন। তার অভিযোগ, সে সময় কয়েকজন সরকারি কর্মকর্তা সহিংসতা থামানোর বদলে চোখ বন্ধ করে ছিলেন, এমনকি কেউ কেউ সহিংসতা উসকে দিয়েছিলেন।
তবে প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হওয়া স্বামী রাজীব গান্ধীর বিরুদ্ধে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগের পক্ষে সোনিয়া কোনো যুক্তি মানতে চাননি। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, সে সময় প্রশাসনিক ব্যর্থতা ছিল এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় দেরি হয়েছে।
বিজেপির আরেকটি অভিযোগ, ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থাকে স্বাভাবিক ও যুক্তিসংগত হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন সোনিয়া।
১৯৭৫ সালে ইন্দিরা গান্ধী ২১ মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছিলেন। ওই সময়ে নাগরিক অধিকার স্থগিত করা হয়, সংবাদমাধ্যমের ওপর সেন্সরশিপ আরোপ করা হয় এবং বিরোধী দলের বহু নেতাকে কারাবন্দী করা হয়। ভারতের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলোর একটি হিসেবে বিবেচিত হয় এই সময়।
স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, জরুরি অবস্থা জারির আগে ইন্দিরা ক্রমেই রাজনৈতিকভাবে একা হয়ে পড়ছিলেন এবং নানা দিক থেকে চাপে ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ইন্দিরা নিজেও জরুরি অবস্থা জারি করতে পুরোপুরি স্বস্তি বোধ করছিলেন না। তবে তৎকালীন রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি একে প্রয়োজনীয় বলে মনে করেছিলেন।
বিজেপির অভিযোগের বিষয়ে সোনিয়া নিজে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে বইটির ভূমিকা বা প্রস্তাবনায় তিনি লিখেছেন, এটি তার ব্যক্তিগত স্মৃতিকথা। এখানে রাজনীতি মূল বিষয় নয়; বরং ব্যক্তিগত জীবনের গল্পের পটভূমি বা কাঠামো হিসেবে রাজনীতি এসেছে।
এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স কংগ্রেসের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি।

অ্যামাজনের বেস্টসেলার তালিকায় বই
এমন এক সময়ে বইটি প্রকাশিত হলো, যখন ভোটার তালিকার বিতর্কিত সংশোধন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে কংগ্রেস। দলটির নেতৃত্বে রয়েছেন সোনিয়ার ছেলে রাহুল গান্ধী।
২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর সাম্প্রতিক ভোটার তালিকা বিতর্ককে ঘিরে দেশটিতে তার সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটগুলোর একটি তৈরি হয়েছে। আগামী বছরের শুরুর দিকে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশ ও শিখ-অধ্যুষিত পাঞ্জাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ফলে সোনিয়ার স্মৃতিকথা প্রকাশের সময়টিও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
বইটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা ও সমালোচনা—দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে। ভারতের রাজনৈতিক বিভাজন যেন বইটিকে ঘিরেও প্রতিফলিত হয়েছে। বিভিন্ন সংবাদপত্রেও গত পাঁচ দশকের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা নিয়ে বইটির নানা অংশ প্রকাশ করা হচ্ছে।
সোনিয়ার দলের সঙ্গে পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়ার প্রকাশনা নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর বইটি প্রকাশের দায়িত্ব নেয় হার্পারকলিন্স ইন্ডিয়া। তবে বইটি পাঠকদের মধ্যে কেমন সাড়া ফেলেছে, সে বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি প্রকাশনা সংস্থাটি।
বইটির দাম ১ হাজার ২৯৯ রুপি, যা ভারতীয় বাজারে তুলনামূলক বেশি বলে বিবেচিত হচ্ছে। তা সত্ত্বেও বুধবার এটি অ্যামাজন ইন্ডিয়ার সর্বাধিক বিক্রীত বইয়ের তালিকায় শীর্ষস্থান দখল করে।
সোনিয়ার বিলংগিং তাই কেবল একজন রাজনীতিকের ব্যক্তিগত স্মৃতিচারণ নয়; ভারতের আধুনিক রাজনৈতিক ইতিহাস, ক্ষমতা, দায়বদ্ধতা এবং অতীতের বিতর্কিত অধ্যায়গুলো কীভাবে স্মরণ করা হবে, সেই প্রশ্নও নতুন করে সামনে এনেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








