জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য নতুন করে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানভিত্তিক আর্থিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে একদিকে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে, অন্যদিকে বাড়ছে ঋণ পরিশোধের চাপ। এ পরিস্থিতি থেকে উত্তরণে নির্ভরযোগ্য অর্থায়ন, আধুনিক প্রযুক্তির সুযোগ এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, ঋণ-ত্রাণ সুবিধা চালু এবং ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করাসহ পাঁচটি প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী।
ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে সামনের সারিতে থেকে লড়াই করতে হচ্ছে। এ বাস্তবতায় এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তোলার অঙ্গীকার করেছে সরকার। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে পরিচালিত হয়ে অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে একই সঙ্গে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। এ লক্ষ্যেই ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ কর প্রণোদনার আওতায় ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ রয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।
সবুজ শিল্পায়নের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, বাংলাদেশে প্রায় ৩০০টি তৈরি পোশাক কারখানা লিড সনদ অর্জন করেছে। পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা, বিশেষ করে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার সম্প্রসারণেও কাজ চলছে। একই সঙ্গে পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো এবং কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবেশ রক্ষা ও জলবায়ু অভিযোজনের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান বাস্তবায়নের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবন এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর লক্ষ্য রয়েছে। এ ছাড়া উপকূলীয় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন ফিরিয়ে আনার কাজ চলছে।
জলবায়ু অর্থায়নে পাঁচ দফা প্রস্তাব
বর্তমান আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নব্যবস্থাকে অপর্যাপ্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলোর চাহিদা ও অগ্রাধিকার অনুযায়ী এ অর্থায়ন হচ্ছে না। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির পাশাপাশি ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপ এবং সীমিত আর্থিক সক্ষমতা এসব দেশের সংকট আরও বাড়িয়ে তুলছে।
এ অবস্থায় ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে পাঁচটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ সংশ্লিষ্ট দেশগুলোর অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে ব্যয় করতে হবে। তবে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগেও সহায়তা অব্যাহত রাখার কথা বলেন তিনি।
দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য জলবায়ু-সহনশীল ঋণব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি ‘ডেট ফর ক্লাইমেট সোয়াপ’ বা জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফের মতো জরুরি ঋণ-ত্রাণ সুবিধা নিশ্চিত করার প্রস্তাব দেন তিনি।
তৃতীয়ত, পরিবেশবান্ধব ও আধুনিক জলবায়ু প্রযুক্তিতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। এসব দেশে প্রযুক্তি হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সহায়তাও দিতে হবে।
চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
পঞ্চমত, কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তর এগিয়ে নিতে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব দেন তিনি। ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যকে এ উদ্যোগের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
জলবায়ু উদ্যোগে নারী ও তরুণদের সম্পৃক্ততার আহ্বান
জলবায়ু মোকাবিলার কার্যক্রমে নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মতে, জলবায়ু কার্যক্রমের পাশাপাশি মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য অর্জনে বিশ্বজুড়ে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে।
বক্তব্যের শুরুতে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সম্মেলনের আলোচনাপ্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কপ-৩১ থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত প্রত্যাশা করে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর স্বার্থ যেন সম্মেলনের ফলাফলে যথাযথভাবে প্রতিফলিত হয়, সেটিই বাংলাদেশের প্রত্যাশা।
তিনি বলেন, জলবায়ু মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, সেগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বৈশ্বিক সংহতি ও পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে সম্মিলিতভাবে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








