আলো ব্যবহার করে মস্তিষ্কের নির্দিষ্ট কোষ নিয়ন্ত্রণের প্রযুক্তি অপটোজেনেটিকসের উদ্ভাবক কার্ল ডেইসারথ। মানসিক রোগের চিকিৎসায় এই প্রযুক্তি কীভাবে নতুন সম্ভাবনা তৈরি করছে, তা নিয়ে কথা বলেছেন চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ী এই বিজ্ঞানী। মস্তিষ্কের ভেতরে কী ঘটে, মানুষের অনুভূতি কীভাবে তৈরি হয়, কিংবা মানসিক রোগের পেছনে কোন কোষগুলো দায়ী—এসব প্রশ্নের উত্তর খুঁজতে দীর্ঘদিন ধরে কাজ করছেন জীবরসায়নবিদ ও মনোরোগ বিশেষজ্ঞ কার্ল ডেইসারথ। আলো ব্যবহার করে মস্তিষ্কের কার্যকলাপ নিয়ন্ত্রণের প্রযুক্তি অপটোজেনেটিকস উদ্ভাবনের জন্য এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি। অপটোজেনেটিকস এমন একটি প্রযুক্তি, যার সাহায্যে মস্তিষ্কের নির্দিষ্ট অংশে আলো ফেলে সেখানকার স্নায়ুকোষের কার্যকলাপ নিয়ন্ত্রণ করা যায়। পরীক্ষাগারের প্রাণীদের ওপর এই পদ্ধতি প্রয়োগ করে তাদের চলাফেরা, আচরণ ও সামাজিক যোগাযোগের ধরন বদলে দিতে পারেন গবেষকেরা। এমনকি বিষণ্নতার মতো কিছু উপসর্গও তৈরি করা সম্ভব হয়েছে এই পদ্ধতিতে। মস্তিষ্ক কীভাবে কাজ করে এবং মানসিক রোগের উৎপত্তি কোথায়—তা বোঝার জন্য এটি খুলে দিয়েছে এক নতুন জানালা।
ডেইসারথের সাম্প্রতিক একটি গবেষণায় হৃদ্যন্ত্রের ওপরও এই প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। এর মাধ্যমে হৃদ্স্পন্দনের গতি বাড়িয়ে গবেষকেরা দেখিয়েছেন, শুধু হৃদ্স্পন্দন দ্রুত করলেই মানুষের উদ্বেগ ও ভয়ের মতো অনুভূতি তৈরি হতে পারে। শৈবাল থেকে পাওয়া আলো-সংবেদনশীল জিন মস্তিষ্কে প্রবেশ করানোর মাধ্যমে এই প্রযুক্তি তৈরি হয়েছে। পিটার হেগেমান ও জর্জ নাগেল এই জিনগুলো আবিষ্কার করেছিলেন। ডেইসারথের সঙ্গে তারাও এ বছরের নোবেল পুরস্কার পেয়েছেন। যুক্তরাষ্ট্রের বোস্টনে জন্ম নেওয়া ডেইসারথের বয়স এখন ৫৫ বছর।
অপটোজেনেটিকস থেকে পাওয়া ধারণার ভিত্তিতে তৈরি একটি পরীক্ষামূলক চিকিৎসাপদ্ধতি এ বছর কয়েকজন রোগীর দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে আনতে পেরেছে। অটিজম ও সিজোফ্রেনিয়ার চিকিৎসা নিয়েও চলছে গবেষণা। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই বিজ্ঞানী ২০১৬ সালে বিবিভিএ ফাউন্ডেশনের ফ্রন্টিয়ার্স অব নলেজ পুরস্কারও পেয়েছেন। সম্প্রতি এল পাইস পত্রিকাকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি মস্তিষ্ক নিয়ে তার গবেষণা, মানসিক রোগের সম্ভাব্য চিকিৎসা, কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি এবং স্বচ্ছ মানবমস্তিষ্ক তৈরির প্রকল্প নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন নুনো দোমিঙ্গেস।
মানুষের মন কতটা বোঝা সম্ভব?
প্রশ্ন: এই প্রযুক্তিগুলোর সাহায্যে আমরা কত দূর এগোতে পারব বলে মনে করেন?
কার্ল ডেইসারথ: আমরা মানুষের মনকে বুঝতে চাই। এ জন্য মানুষের ওপর ক্লিনিক্যাল গবেষণার একটি কর্মসূচি শুরু করেছি। ইঁদুরের ওপর অপটোজেনেটিকস প্রয়োগ করে পাওয়া ধারণাগুলো আমরা মানুষের ক্ষেত্রে পরীক্ষা করছি। ইঁদুর ও মানুষের ওপর একই ধরনের পরীক্ষা চালিয়ে তাদের মধ্যে কোন কোন মৌলিক বৈশিষ্ট্যের মিল রয়েছে, তা বোঝার চেষ্টা করছি। ইঁদুরের ওপর অপটোজেনেটিকসের গবেষণা মানুষের জন্য নতুন চিকিৎসাপদ্ধতি তৈরি করতে আমাদের সাহায্য করবে।
প্রশ্ন: এমন একটি পরীক্ষায় আপনারা হ্যালুসিনেশন বা অলীক কিছু দেখার অনুভূতি তৈরি করেছিলেন। এর উদ্দেশ্য কী ছিল?
ডেইসারথ: আমরা এমন কিছু পরীক্ষা করেছি, যেখানে চোখে অল্প অল্প করে বাতাসের ঝাপটা দেওয়া হয়েছিল। চক্ষু চিকিৎসকের কাছে গেলে যেমন চোখ পরীক্ষা করার সময় বাতাসের ছোট ঝাপটা দেওয়া হয়, অনেকটা সে রকম। ইঁদুর ও মানুষের ক্ষেত্রে একই পরীক্ষা করা যায় এবং তাদের প্রতিক্রিয়াও প্রায় একই রকম। এই বাতাসের ঝাপটা দুপক্ষেরই বিরক্তির কারণ হয়। পরীক্ষার সময় আমরা মস্তিষ্কের বিভিন্ন অংশের স্নায়বিক কার্যকলাপ রেকর্ড করি এবং একই উদ্দীপনা বারবার প্রয়োগ করি। এর ফলে বিরক্তির মতো নেতিবাচক অনুভূতি কীভাবে তৈরি হয় এবং মস্তিষ্কের বিভিন্ন অংশে কীভাবে ছড়িয়ে পড়ে, তার কিছু দিক আমরা পর্যবেক্ষণ করতে পেরেছি। এ থেকে এই প্রক্রিয়ায় কীভাবে হস্তক্ষেপ করা যায়, সে বিষয়ে ধারণা পাওয়া যাবে। তবে আমরা ইতিবাচক অনুভূতিগুলো নিয়েও গবেষণা করতে চাই।
মানসিক রোগের চিকিৎসায় নতুন আশা
প্রশ্ন: আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞও। রোগীদের চিকিৎসা করেন। মানসিক রোগের আরও উন্নত চিকিৎসা শিগগিরই পাওয়া যাবে—এমন আশা কতটা করা যায়?
ডেইসারথ: প্রাণীদের ওপর গবেষণা থেকে পাওয়া কিছু ধারণা ইতিমধ্যে অনেক দূর এগিয়েছে। মানুষের ওপর সেগুলোর ক্লিনিক্যাল ট্রায়ালও চলছে। অটিজম ও সিজোফ্রেনিয়ার চিকিৎসা এর মধ্যে রয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য বেশ আশাব্যঞ্জক। আমরা আশা করছি, শেষ পর্যন্ত এসব রোগের চিকিৎসায় নতুন ওষুধ তৈরি করতে পারব।
প্রশ্ন: আলঝেইমার রোগের কারণে সৃষ্ট হ্যালুসিনেশনের চিকিৎসা নিয়েও আপনি কাজ করছেন।
ডেইসারথ: হ্যাঁ। একে বলা হয় আলঝেইমারজনিত সাইকোসিস। আলঝেইমারে আক্রান্ত প্রায় ৩০ থেকে ৫০ শতাংশ রোগীর মধ্যে এ সমস্যা দেখা যায়। এতে রোগীরা হ্যালুসিনেশন বা অলীক দৃশ্য দেখার পাশাপাশি সন্দেহপ্রবণতা ও প্যারানয়ায় ভুগতে পারেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানসিক স্বাস্থ্য
প্রশ্ন: অনেকে বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়ে আমরা যেন এক বিশাল সামাজিক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি। আপনার কি মনে হয়, এটি মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে?
ডেইসারথ: বিষয়টি আমাকে একই সঙ্গে উদ্বিগ্ন করে এবং আশাবাদীও করে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার থেকে যেসব সমস্যা তৈরি হচ্ছে, তার অনেকগুলোই বিশেষ করে মানসিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। মানুষের মূল্যবোধের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত নয়—এমন কোনো এআই মডেল মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে। বিষয়টি আমাকে উদ্বিগ্ন করে। তবে আমি আশাবাদী যে কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম মানুষকে একে অন্যকে সাহায্য করার আরও বেশি সক্ষমতা দিতে পারে। আমার মনে হয়, এআইভিত্তিক চিকিৎসাপদ্ধতির প্রতিটি পর্যায়ে যদি মানুষের উপস্থিতি থাকে এবং মানুষের মূল্যবোধ গুরুত্ব পায়, তাহলে এসব প্রযুক্তি কাজে লাগানো সম্ভব। তবে কীভাবে এগুলো ব্যবহার করা হবে, সে বিষয়ে আমাদের খুব সতর্কভাবে ভাবতে হবে। নিশ্চিত করতে হবে, যেন এই প্রযুক্তি আমাদের ভুল পথে পরিচালিত না করে।
প্রশ্ন: আপনি বলেন, মানুষের মস্তিষ্ক মহাবিশ্বের সবচেয়ে জটিল বস্তু। আপনার কি মনে হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা একদিন মস্তিষ্কের সক্ষমতার সমান হবে কিংবা তাকে ছাড়িয়ে যাবে?
ডেইসারথ: মানুষের মস্তিষ্ক যতই বিস্ময়কর হোক না কেন, এর নিউরনের সংখ্যা নির্দিষ্ট—১০০ বিলিয়নেরও কম। প্রতিটি নিউরনও নির্দিষ্টসংখ্যক সংযোগ তৈরি করে। গড়ে একটি নিউরনের সঙ্গে প্রায় ১০ হাজার সংযোগ থাকে। এটি সুন্দর, বিস্ময়কর এবং রহস্যময় এক ব্যবস্থা। কিন্তু এরও নির্দিষ্ট সীমা রয়েছে। এ কারণে আমার মনে হয়, মানুষের মনকে একদিন আমরা বুঝতে পারব। যদিও ঠিক কীভাবে তা সম্ভব হবে, এখনো জানি না। কাজটি অসম্ভব বলেই মনে হয়। হয়তো এ জন্য বিজ্ঞানের একেবারে নতুন কিছু মৌলিক ধারণার প্রয়োজন হবে। তবু নীতিগতভাবে আমি মনে করি, মানুষের মন বোঝা সম্ভব।
এর ফলে মানুষের সহযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা একদিন মানুষের মনের কার্যপ্রণালির কিছু দিক পুনর্নির্মাণ করতে পারবে।
তবে মানুষের প্রকৃত সত্তায় পৌঁছানো এআইয়ের পক্ষে কীভাবে সম্ভব হবে, তা আমি বুঝতে পারি না। মানুষের আবেগ কিংবা সচেতন থাকার ব্যক্তিগত অনুভূতি—অর্থাৎ নিজের অস্তিত্ব অনুভব করার যে অভিজ্ঞতা, সেটিও এআই অর্জন করতে পারবে কি না, তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। অন্তত এখনকার অবস্থায় আমি তা সম্ভব বলে মনে করি না। আমি মানুষের মস্তিষ্কের গণনাগত বা তথ্য প্রক্রিয়াকরণের ক্ষমতার কথা বলছি না। বলছি তার ব্যক্তিগত, অন্তর্গত অনুভূতির অভিজ্ঞতার কথা। আমার মনে হয় না, এআই সেই অভিজ্ঞতা অর্জন করতে পারবে।
মানুষের মস্তিষ্কের চিন্তা কি পড়তে পারবে এআই?
প্রশ্ন: আপনার প্রযুক্তিতে আলো ব্যবহার করে মস্তিষ্কের কার্যকলাপ নিয়ন্ত্রণ করা হয়। আপনার কি মনে হয়, মানুষের ক্ষেত্রেও একদিন এমন কিছু করা সম্ভব হবে? যেমন, কারও অজান্তে তার মস্তিষ্কের ওপর নজরদারি করা কিংবা সে কী ভাবছে, তা জেনে ফেলা? আপনার সহকর্মী রাফায়েল ইউস্তে এমন আশঙ্কার কথা বলেছেন।
ডেইসারথ: আমি রাফায়েলকে চিনি। তিনি যথেষ্ট যুক্তিবাদী মানুষ। এ ধরনের বিপদ সম্পর্কে সতর্ক করে তিনি যথার্থ কাজই করেছেন। তবে অপটোজেনেটিকস প্রযুক্তি নিজেই কিছুটা কম উদ্বেগজনক। কারণ, এটি প্রয়োগ করা বেশ জটিল। মানুষের ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করতে হলে প্রথমে একটি জিন প্রবেশ করাতে হয়। যেমন, শৈবাল থেকে পাওয়া আলোতে সক্রিয় হওয়া আয়ন চ্যানেলের সংকেত বহনকারী জিন। অর্থাৎ, এর জন্য জিন থেরাপির প্রয়োজন হয়। পাশাপাশি আলো ব্যবহার করতে হয়। কারও অজান্তে কিংবা দূর থেকে এই প্রযুক্তি প্রয়োগ করা সম্ভব নয়। তবে বৃহত্তর অর্থে রাফায়েলের সঙ্গে আমি একমত। অন্য প্রযুক্তিগুলোর ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল একসময় মানুষের মস্তিষ্কের কার্যকলাপ পড়ে ফেলতে সক্ষম হতে পারে। বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

কোন মানসিক রোগের চিকিৎসায় সাফল্য আসবে দ্রুত?
প্রশ্ন: কোন মানসিক রোগের চিকিৎসায় সবচেয়ে কম সময়ে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখছেন?
ডেইসারথ: মনোরোগ চিকিৎসার বড় একটি সমস্যা হলো, বিষণ্নতা, অটিজম কিংবা অন্যান্য মানসিক রোগের ক্ষেত্রে এত দিন আমরা জানতাম না, মস্তিষ্কের ঠিক কোন কোষগুলো এসব সমস্যার জন্য দায়ী। আবার কোন কোষগুলোকে কাজে লাগালে সমস্যার সমাধান হতে পারে, সেটিও আমাদের অজানা ছিল। অপটোজেনেটিকসের কল্যাণে এখন আমরা সেই কোষগুলো শনাক্ত করতে শুরু করেছি। এটি আমাদের সামনে সম্পূর্ণ নতুন একটি সম্ভাবনা তৈরি করেছে। এখন আমরা এমন ওষুধ তৈরির কথা ভাবতে পারছি, যেগুলো নির্দিষ্টভাবে সেই কোষগুলোর ওপর কাজ করবে, যেগুলো রোগের জন্য দায়ী কিংবা যেগুলোর কার্যকলাপ পরিবর্তন করে রোগের উপসর্গ কমানো সম্ভব। আমার মনে হয়, এই পদ্ধতি একেবারেই নতুন ও ভিন্ন ধরনের। রোগের প্রকৃত কারণ এবং চিকিৎসার কার্যকারণ সম্পর্কের সঙ্গে এটি সরাসরি যুক্ত। দীর্ঘ মেয়াদে এর মাধ্যমে নানা ধরনের স্নায়বিক ও মানসিক রোগে আক্রান্ত মানুষকে আরও কার্যকরভাবে সাহায্য করা সম্ভব হবে। এর অর্থ অবশ্য এই নয় যে বর্তমান চিকিৎসাপদ্ধতিগুলো কার্যকর নয়। প্রচলিত চিকিৎসায় প্রায় ৭০ শতাংশ রোগী উপকৃত হন। কিন্তু বাকি ৩০ শতাংশ রোগীর ক্ষেত্রে চিকিৎসা তেমন কাজ করে না। আমি চাই, এই সাফল্যের হার আরও বাড়াতে।
স্বচ্ছ মানবমস্তিষ্ক তৈরির প্রকল্প
প্রশ্ন: স্বচ্ছ মানবমস্তিষ্ক তৈরির প্রকল্প নিয়ে কি এখনো কাজ করছেন?
ডেইসারথ: হ্যাঁ। মস্তিষ্ককে স্বচ্ছ করে তোলার জন্য আমরা ‘ক্ল্যারিটি’ নামে একটি প্রযুক্তি তৈরি করেছি। পরে আরও অনেক পদ্ধতি ব্যবহার করে এটিকে উন্নত করেছি। এই প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির মাধ্যমে মস্তিষ্কের কোষগুলোর মধ্যকার সংযোগ ও যোগাযোগের পথ দেখা সম্ভব হয়েছে। ২০১৮ সালে আমরা এর আরও উন্নত একটি সংস্করণ তৈরি করি। এর সাহায্যে শুধু স্বচ্ছ টিস্যুর মধ্যে কোষগুলোর সংযোগই নয়, প্রতিটি কোষ কোন কোন জিন সক্রিয় করছে এবং কী ধরনের ক্ষুদ্র জৈব অণু, যেমন প্রোটিন তৈরি করছে, সেটিও দেখা যায়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে নির্দিষ্ট কোষকে লক্ষ্য করে ওষুধ তৈরি করা সম্ভব। এই প্রযুক্তি অপটোজেনেটিকসের পরিপূরক হিসেবে কাজ করে। অপটোজেনেটিকসের সাহায্যে আমরা নির্দিষ্ট কোষ শনাক্ত করতে পারি এবং জানতে পারি, সেগুলো কোনো বিশেষ উপসর্গের জন্য দায়ী কি না। কিন্তু এরপরও একটি প্রশ্ন থেকে যায়: এই জ্ঞান ব্যবহার করে মানুষের উপকারে আসে, এমন ওষুধ কীভাবে তৈরি করব?
এ জন্য জানতে হবে, ওই কোষগুলোর মধ্যে কী ধরনের জৈব অণু ও প্রোটিন রয়েছে। সেগুলো শনাক্ত করতে পারলেই নির্দিষ্ট কোষের ওপর কাজ করে—এমন ওষুধ তৈরি করা সম্ভব হবে। ক্ল্যারিটির আরও উন্নত সংস্করণ ‘স্টারম্যাপ’ ঠিক এই কাজটিই করে। এখন আমাদের লক্ষ্য হলো, অপটোজেনেটিকসের গবেষণা থেকে পাওয়া চিকিৎসার ধারণাগুলোকে প্রচলিত ওষুধের বড়ি হিসেবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। যাতে চিকিৎসার জন্য জিন থেরাপির ওপর নির্ভর করতে না হয়।
মানুষের অভিজ্ঞতার মধ্য দিয়েই মস্তিষ্ককে বোঝা
প্রশ্ন: স্ট্যানফোর্ডে এমন একটি কেন্দ্রও রয়েছে, যেখানে রোগীদের মস্তিষ্কে ইলেকট্রোড স্থাপন করে তাঁদের স্নায়বিক কার্যকলাপ রেকর্ড করা হয়। চিকিৎসার অংশ হিসেবে এই প্রক্রিয়া চলার সময় তাঁদের সঙ্গে কথাও বলা হয়, যাতে মস্তিষ্ক কীভাবে কাজ করে, সে সম্পর্কে আরও নির্ভুল তথ্য পাওয়া যায়।
ডেইসারথ: হ্যাঁ, আমাদের লক্ষ্যও সেটিই। আমরা এই কাজই করছি। আমাদের কর্মসূচির নাম ‘হিউম্যান নিউরাল সার্কিট্রি প্রোগ্রাম’। এর মূল উদ্দেশ্য হলো, আমাদের গবেষণায় পাওয়া প্রতিটি ধারণা ও আবিষ্কার যেন মানুষের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। আমরা এই পথেই এগোচ্ছি। সামনে খুবই রোমাঞ্চকর কিছু অপেক্ষা করছে।
প্রশ্ন: আপনার মনে হয়, সবচেয়ে বড় কোন প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারবেন?
ডেইসারথ: আমরা মানুষের অন্তর্গত ব্যক্তিগত অনুভূতির প্রকৃতি বুঝতে চাই। পাশাপাশি জানতে চাই, সেই অভিজ্ঞতার কিছু অংশ ইঁদুরের মধ্যেও কতটা রয়েছে। আমরা এমন কিছু মৌলিক নীতি বা বৈশিষ্ট্য শনাক্ত করতে চাই, যেগুলো সব স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রয়েছে এবং যেগুলোর উৎস অভিন্ন কিংবা একই পূর্বপুরুষের কাছ থেকে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








