আবাসন সংকটের প্রতিবাদে স্পেনে সাধারণ ধর্মঘট পালন করেছেন প্রায় ৪০ লাখ শ্রমিক। দেশটির মোট কর্মজীবী মানুষের প্রায় এক-পঞ্চমাংশ এই ধর্মঘটে অংশ নেন।
বুধবার (১১ নভেম্বর) ধর্মঘট বেশির ভাগ সময় শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যার দিকে বার্সেলোনা ও মাদ্রিদের কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় বলে জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো।
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শ্রমিকেরা বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন। মাদ্রিদ, বার্সেলোনা ছাড়াও স্পেনের বিভিন্ন শহরে বড় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ২৯ নভেম্বর দেশটিতে আগাম সাধারণ নির্বাচন। তার আগে আবাসন সংকট নিয়ে এই ধর্মঘট রাজনৈতিক অঙ্গনেও নতুন চাপ তৈরি করেছে।
সন্ধ্যায় বার্সেলোনায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। রয়টার্সের ধারণ করা ভিডিওতে দেখা যায়, মূল বিক্ষোভ মিছিল শেষ হওয়ার পর রাস্তায় রাখা কিছু আসবাবে আগুন জ্বলছে। মাদ্রিদেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, কেন্দ্রীয় প্লাজা দে এস্পানিয়া এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ ফোমের গুলি, কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে।
রাত ৯টা জিএমটি পর্যন্ত দেশজুড়ে অন্তত ৭৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্মঘটকে কেন্দ্র করে অন্তত ১ হাজার ৪৪টি ঘটনার খবর পাওয়া গেছে। এসব ঘটনার মধ্যে বিভিন্ন কার্যালয় ও শিল্পাঞ্চলে অবরোধ এবং ময়লার পাত্রে আগুন দেওয়ার ঘটনাও রয়েছে।
২০১২ সালে ইউরোজোনের ঋণসংকটের সময় সরকারের কৃচ্ছ্রসাধন নীতির প্রতিবাদে শ্রমিকেরা সর্বশেষ সাধারণ ধর্মঘট করেছিলেন। ১৪ বছর পর এবার আবারও দেশজুড়ে এমন ধর্মঘট হলো।
স্পেনের বৃহত্তম দুটি শ্রমিক সংগঠন জেনারেল ইউনিয়ন অব ওয়ার্কার্স (ইউজিটি) এবং ওয়ার্কার্স কমিশনস (সিসিওও) এই ধর্মঘটে সমর্থন দিয়েছে। তাদের প্রতিনিধিত্বে রয়েছেন ১০ লাখের বেশি শ্রমিক। এ ছাড়া বাড়িভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের ঘটনায় ক্ষুব্ধ ভাড়াটিয়াদের সংগঠনগুলোও ধর্মঘটে অংশ নিয়েছে।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আশা করছেন, আবাসন সংকট নিয়ে সাধারণ মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে ২৯ নভেম্বরের নির্বাচনে সমর্থন বাড়ানো যাবে। একই সঙ্গে উত্তর আফ্রিকার স্পেনীয় ছিটমহল সেউতায় প্রাণঘাতী অভিবাসনসংক্রান্ত ঘটনা এবং গত মাসের ট্রেন দুর্ঘটনা থেকে জনমনে তৈরি হওয়া ক্ষোভের দিক থেকেও মনোযোগ সরাতে চান তিনি। এসব ঘটনায় তার সরকার নিজেদের ভূমিকার পক্ষে যুক্তি দিলেও জনমত জরিপে এখনো তাঁর সোশ্যালিস্ট পার্টি বিরোধীদের চেয়ে পিছিয়ে রয়েছে।
বন্ধ ছিল দোকানপাট
মাদ্রিদের প্রধান কেনাকাটার এলাকা গ্রান ভিয়ায় বিক্ষোভকারীরা উল্লাস করেন, যখন প্রাইমার্ক, এইচঅ্যান্ডএম ও পুল অ্যান্ড বিয়ারের মতো দোকান বন্ধ হয়ে যায়। এ সময় এলাকায় বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন ছিল।
বিক্ষোভকারীরা মাথার ওপর বাড়ির চাবির গোছা ঝাঁকিয়ে স্লোগান দেন, ‘আমরা ম্যাঙ্গোর দোকান বন্ধ করব।’ সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে বার্সেলোনার অনেক দোকানও বন্ধ রাখা হয়েছিল এবং সেগুলোর সামনে সুরক্ষাবেষ্টনী দেওয়া হয়।
স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। ২০২৮ সালের মধ্যে এই ঘাটতি ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে।

নিজেদের বাড়ি কেনার সামর্থ্য কমে যাওয়ায় স্পেনে ভাড়াবাড়ির চাহিদা দ্রুত বাড়ছে। ফলে বাড়িভাড়ার বাজারেও চাপ তৈরি হয়েছে। স্পেনের ইয়ুথ কাউন্সিলের তথ্য অনুযায়ী, দেশটিতে গড় মাসিক বাড়িভাড়া ১ হাজার ১৭৬ ইউরো। তরুণদের গড় মাসিক বেতনের প্রায় ৯৮ দশমিক ৭ শতাংশই চলে যায় বাড়িভাড়া পরিশোধে।
মাদ্রিদের বাসিন্দা ৩৬ বছর বয়সী হেসুস গনসালেস একটি হাসপাতালের তথ্যপ্রযুক্তি বিভাগে কাজ করেন। ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘আমার বয়স ৩৬ বছর, অথচ এখনো একা থাকার মতো সামর্থ্য হয়নি। বাড়িভাড়া বাড়ছেই, বাড়ির দামও বাড়ছে। পরিস্থিতি এমন যে নিজের বাড়িতে থাকা প্রায় অসম্ভব।’
বন্দর ও গাড়ির কারখানায় বেশি ধর্মঘট
স্পেনের প্রধান ব্যবসায়ী সংগঠন সিইওইর সহসভাপতি আঙ্গেলা দে মিগেল বলেন, এই ধর্মঘট উল্টো ফল বয়ে আনতে পারে। কারণ, আবাসন সংকটে ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাড়ির সংকটের কারণে এসব প্রতিষ্ঠানের পক্ষে কর্মী নিয়োগ করাও কঠিন হয়ে পড়ছে।
রাষ্ট্রীয় টেলিভিশন টিভিইকে তিনি বলেন, আরও বেশি বাড়ি নির্মাণ করতে হবে। পাশাপাশি নির্মাণ ও বাড়ি কেনার ক্ষেত্রে কর কমাতে হবে।
এদিকে চার্লস ও ব্রুনা নামের দুটি শক্তিশালী ঝড় বিকেলের বড় বিক্ষোভ মিছিলের পরিকল্পনায় বাধা সৃষ্টি করে। ঝড়ের কারণে দক্ষিণাঞ্চলের বন্দরনগরী কাদিসসহ কয়েকটি শহরে শ্রমিক সংগঠনগুলো বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে।
ভাড়াটিয়াদের সংগঠন জানিয়েছে, দিন শেষে ধর্মঘটে অংশগ্রহণকারীর সংখ্যা ৫০ লাখে পৌঁছাতে পারে। স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, দেশটিতে মোট কর্মজীবী মানুষের সংখ্যা প্রায় ২ কোটি ৩০ লাখ।
ইউজিটি ও সিসিওওর দাবি, বন্দর ও গাড়ি নির্মাণশিল্পে ধর্মঘটের অংশগ্রহণ ছিল ৯০ শতাংশ। নাভারায় ভক্সওয়াগেনের কারখানা এবং বার্সেলোনায় সিয়াটের কারখানাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল।

দেশটির বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড এলেকত্রিকার তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে ১১টার মধ্যে বিদ্যুতের চাহিদা কমেছিল সর্বোচ্চ ১৫ দশমিক ৫ শতাংশ।
দূর থেকে কাজের কারণে প্রভাব কিছুটা কম
বার্সেলোনার মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, ব্যস্ত সময়ের বাইরে কোনো ট্রেন চলবে না। মাদ্রিদের মেট্রোতে গত সপ্তাহের একই সময়ের তুলনায় ব্যস্ত সময়ে যাত্রী চলাচল ৪২ শতাংশ কমে যায়।
তবে দূর থেকে কাজের সুযোগ বৃদ্ধি এবং স্পেনের অর্থনীতিতে সেবা খাতের গুরুত্ব বেড়ে যাওয়ায় এবারের ধর্মঘটের প্রভাব আগের বছরগুলোর তুলনায় কম হতে পারে বলে মনে করেন বিবিভিএ রিসার্চের প্রধান অর্থনীতিবিদ মিগেল কারদোসো। তার ধারণা, এই ধর্মঘটের কারণে স্পেনের বার্ষিক মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি শূন্য দশমিক ১ থেকে শূন্য দশমিক ২ শতাংশ কমতে পারে।
স্পেনের দ্রুত সম্প্রসারিত আতিথেয়তা ও আর্থিক সেবা খাতে শ্রমিক ইউনিয়নের প্রভাব তুলনামূলক কম। অন্যদিকে সরকারি ও শিল্প খাতে ইউনিয়নগুলোর প্রভাব বেশি।
এদিকে পুলিশের অভিযানে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের ঘটনায় ২০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। তাদের অভিযোগ, পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। এ ঘটনায় তারা ফৌজদারি অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছে। তবে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।
গত কয়েক সপ্তাহ ধরে স্পেনে আবাসন সংকট নিয়ে বিক্ষোভ চলছে। গত মাসে মাদ্রিদে ৮৭ বছর বয়সী এক নারীকে বাড়ি থেকে উচ্ছেদের পর তার মৃত্যুর ঘটনা এসব বিক্ষোভকে আরও উসকে দেয়। এর আগে উচ্ছেদ বন্ধ এবং বাড়িভাড়ার চাপ কমাতে সরকারের আনা কয়েকটি প্রস্তাবও পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়েছিল। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই সানচেজ আগাম নির্বাচনের ঘোষণা দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








