রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে জেলে লুতফর হালদারের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের একটি কাতল মাছ। মাছটি ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরের দিকে দৌলতদিয়ার ৩ ও ৪ নম্বর ফেরিঘাটের মাঝ নদীতে মাছটি ধরা পড়ে।
জেলে লুতফর হালদার জানান, মধ্য রাতে সঙ্গীদের নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর ফেরিঘাট এলাকায় মাছ ধরতে যান তিনি। ভোরের দিকে হঠাৎ জালে জোরে ধাক্কা লাগলে বুঝতে পারেন বড় কোনো মাছ পড়েছে। জাল তুলতেই বিশাল একটি কাতল মাছ দেখতে পান। এতো বড় মাছ পেয়ে তিনি ও তার সঙ্গীরা বেশ খুশি।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ‘‘বৃহস্পতিবার ভোরের দিকে মাছটি দোকানে আনা হয়। পরে নিলামের মাধ্যমে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউলের আড়ত থেকে প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় মাছটি কিনে সঙ্গে সঙ্গেই ফোনে যোগাযোগ ঢাকার গুলশানে বিক্রি করা হয়।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









