হবিগঞ্জের মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে ডাকবাহী মেইলগাড়ি ও পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নয়াপাড়া–কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মেইলগাড়ির চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) এবং আবুল কালাম আজাদ (৫৫)। তারা সবাই ঘটনাস্থলেই মারা যান।
নিহত জসিম ও আবুল কালাম আজাদের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জে। নিহত মজনু মিয়া ডাক বিভাগের মেইল ক্যারিয়ার হিসেবে কর্মরত ছিলেন; তার বিস্তারিত ঠিকানা এখনো পাওয়া যায়নি।
দুর্ঘটনাকবলিত ডাকবাহী গাড়িটি সিলেট পোস্টাল ডিভিশনের মেইল পরিবহনের কাজে নিয়োজিত ছিল।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









