কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা এবং তিনটি অ্যান্ড্রয়েড মোবাইলফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে কুষ্টিয়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এ তথ্য নিশ্চিত করেছে
গ্রেপ্তারকৃতরা হলেন-কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দড়িকোমড়পুর গ্রামের আব্দুল্লাহ মন্ডলের ছেলে আশিক হোসেন (২৮) এবং শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ গ্রামের মৃত চাঁদ আলী শেখের ছেলে মামুন শেখ (৩৪)।
এসআরবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার রাত ৮টা ২০ মিনিটে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল কুষ্টিয়া জেলার কুমারখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের বাটিকামারা গ্রামের সিরাজুল হকের আমবাগানের পূর্ব পাশে মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে উল্লিখিত মাদকদ্রব্য, নগদ অর্থ ও মোবাইলফোনসহ আসামিদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে কুমারখালী থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এসআরবি কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি ও মাদক কারবারিদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে এসআরবি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
পাশাপাশি সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়াকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









