চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের প্রথম দিকে বগুড়ায় আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। পরে তিনি পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী মাসের প্রথম দিকে বগুড়া সফর করতে পারেন। এ সফরকে কেন্দ্র করে জেলার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করা হচ্ছে।
তিনি বলেন, ‘‘বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে। জেলার সাতটি সংসদীয় আসনে সমানভাবে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ বণ্টন করা হবে। এতে জেলার সব এলাকার সমান উন্নয়নের সুযোগ তৈরি হবে।’’
তিনি আরও বলেন, ‘‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়টি ইতোমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। প্রস্তাবটি পাস হলে পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টির ব্যাপক সুযোগ তৈরি হবে।’’
উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরে মীর শাহে আলম বলেন, ‘‘আমাদের ধৈর্য খুব কম, অনেক সময় অস্থির হয়ে পড়ি। কিন্তু উন্নয়ন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। উন্নয়ন খুঁজতে হবে না, উন্নয়নই জনগণকে খুঁজে নেবে।’’
তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী চলমান প্রকল্পগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। নির্ধারিত সময়ে উন্নয়নকাজ শেষ করতে প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। সরকারের বিশেষ কর্মপরিকল্পনা ও সমন্বিত কার্যকর উদ্যোগ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।’’
দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির প্রকাশক ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু এবং বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং বগুড়ার উন্নয়ন ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








