লক্ষ্মীপুরের রায়পুরে একটি ভাড়া বাড়ির উঠানে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা থেকে ১১টি শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা শনাক্ত করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ সেলের বিশেষজ্ঞ দল বোমাগুলো নিষ্ক্রিয় করে। এর আগে একই বাড়ির একটি কক্ষ থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। ডিএমপির চার সদস্যের বোমা নিষ্ক্রিয়করণ দল ছাড়াও রায়পুর থানা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মৃত আবু তাহের সিকদারের ভাড়া দেওয়া বাড়ির উঠানের মাটির নিচ থেকে দুধের কৌটা দুটি উদ্ধার করা হয়। বিস্ফোরকের আশঙ্কায় সেখানে নিরাপত্তা জোরদার করে পুলিশি পাহারা বসানো হয়।
আদালতের নির্দেশনা অনুযায়ী ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলকে খবর দেওয়া হয়। বুধবার রাতে দলটি ঘটনাস্থলে পৌঁছে কৌটা দুটি পরীক্ষা করে ১১টি আইইডি বোমার অস্তিত্ব শনাক্ত করে। বৃহস্পতিবার দুপুরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
পুলিশ জানায়, ৩ নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম সুজনের সঙ্গে বাড়িটির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ওই ঘটনায় আতঙ্ক সৃষ্টি এবং তিনজনকে ছুরিকাঘাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভোলা সদর এলাকার বাসিন্দা সুজন উত্তর চরবংশীর ওই বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার তার ভাড়া নেওয়া কক্ষ থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রতিবেশী জানান, প্রায় দুই মাস ধরে সুজনসহ কয়েকজন ওই বাড়িতে ভাড়া থাকতেন। তারা বাড়ির চারপাশ বাঁশ ও সুপারির পাতা দিয়ে ঘিরে রাখতেন। প্রবেশপথও নিয়ন্ত্রণ করতেন, যাতে বাইরের কেউ সহজে ভেতরে ঢুকতে না পারেন। প্রতিবেশীদের সঙ্গে তাদের তেমন যোগাযোগ ছিল না।

একই বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম ও মাটির নিচে পুঁতে রাখা ১১টি আইইডি বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, ``দুধের কৌটা দুটিতে ১১টি শক্তিশালী আইইডি বোমা পাওয়া যায়। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের দল সেগুলো নিষ্ক্রিয় করেছে। এর আগে একই ব্যক্তির ভাড়া নেওয়া ঘর থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল।''


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








