অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বড় স্বপ্ন নিয়ে অংশ নিতে গেলেও ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের। সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে জুনিয়র টাইগাররা।
বাংলাদেশের দেওয়া ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে পাকিস্তান। দলের দুই ওপেনার হাইম খান ও উসমান খান দুজনই অর্ধশতক তুলে নেন। ৬৯ রান করা হাইমকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন বাংলাদেশের রবিউল অনিক। তবে সেটিই ছিল ম্যাচে টাইগার বোলারদের একমাত্র সাফল্য।
এরপর আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ফলে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ব্যাটারদের ব্যর্থতার পর বোলাররাও ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। জারিফ সিয়াম ও কাউসার আহমেদরা ব্যাট হাতে ব্যর্থ হন। ব্যতিক্রম ছিলেন কেবল আল মুহি। তিনি তুলে নেন অর্ধশতক। তবে অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকায় ১০০ রান হওয়ার আগেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে দল।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আহসান মুনিম এবং অধিনায়ক ফরিদ হাসান ফয়সালও এদিন রান পাননি। শেষ পর্যন্ত ব্যাটিং বিপর্যয়ে ৩১.৪ ওভারে ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








