সফটওয়্যার জটিলতার কারণে প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে রয়েছে। এসব পরিচয়পত্র কবে নাগাদ সচল করা সম্ভব হবে, তা নির্দিষ্ট করে জানাতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)। তবে সমস্যা সমাধানে সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আঙুলের ছাপের মান কমে যাওয়া, অন্য ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে মিল পাওয়া এবং এ ধরনের বিভিন্ন কারণে নাগরিকদের এনআইডি লক হয়ে আছে। এসব জটিলতা নিরসনে সফটওয়্যার উন্নয়নের উদ্যোগ নিয়েছে ইসি।
লক হওয়া এনআইডির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দ্বৈত ভোটারের ঘটনা। এ ছাড়া আদালতের আদেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলমান থাকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধেও কিছু নাগরিকের এনআইডি লক করা হয়েছে।
দ্বৈত ভোটার হওয়ার কারণে যাদের এনআইডি লক হয়েছে, তাদের ক্ষেত্রে যাচাই-বাছাই শেষে একটি পরিচয়পত্র বহাল রেখে অন্যটি বাতিল করা হচ্ছে। সাধারণত প্রথমবার ইস্যু করা এনআইডি বহাল রাখা হয় এবং পরবর্তী সময়ে নেওয়া পরিচয়পত্রটি বাতিল করা হয়। তবে প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই এসব সমস্যার সমাধান করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ‘‘বর্তমানে আমাদের কাছে যারা জানাচ্ছেন, তাদের এনআইডি আনলক করে দিচ্ছি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








