পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা সামচু ঢালীকে। বিস্ময়কর বিষয় হলো, মামলার ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই তাঁর মৃত্যু হয়েছে। চলতি বছরের ২৯ মার্চ মারা যাওয়া এই ব্যক্তির নাম মামলার এজাহারে রয়েছে ২১৯ নম্বরে।
মৃত সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার ইসমাইল ঢালীর ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। পাশাপাশি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন।
মামলার নথি ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৯ মার্চ সামচু ঢালীর মৃত্যু হয়। অথচ গত ৯ নভেম্বর রাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘটিত ঘটনার পর দায়ের করা মামলায় তাঁকে আসামি করা হয়েছে। অর্থাৎ মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর একটি ফৌজদারি মামলার আসামি হয়েছেন তিনি।
জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে একদল লোক সড়কে অবস্থান নেন।
একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে এবং সেতুর দুই প্রান্তে যানবাহন আটকে পড়ে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ২১৯ নম্বর আসামি হিসেবে রয়েছে মৃত সামচু ঢালীর নাম।
একজন ব্যক্তি ঘটনার আগেই মারা যাওয়ার পরও কীভাবে তাঁকে ওই ঘটনার মামলায় আসামি করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মামলার এজাহার তৈরির সময় আসামিদের পরিচয় ও ঘটনার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা যাচাই করা হয়েছিল কি না, তা নিয়েও দেখা দিয়েছে বিতর্ক।
এদিকে, মৃত ব্যক্তির নাম মামলার আসামির তালিকায় থাকার বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য ছড়িয়ে পড়েছে। একটি পোস্টে বিদ্রূপ করে বলা হয়েছে, দলের প্রতি তাঁর নিবেদন এতটাই ছিল যে আন্দোলনের খবর পেয়ে কবর থেকে উঠে এসে অবরোধ ও ককটেল বিস্ফোরণে অংশ নিয়েছেন। এমনকি মামলার বাদী তাঁকে স্বচক্ষে এসব কর্মকাণ্ড করতে দেখেছেন বলেও ব্যঙ্গ করা হয়েছে।
সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, ‘আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরও তাঁকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।’
তিনি আরও বলেন, ‘আমি সরকারের কাছে আবেদন জানাই, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে এ মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।’
এ বিষয়ে মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বলেন, ‘আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।’
জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, ‘মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে যদি কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া যায় বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মেলে, তাহলে তাঁদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








