অসচ্ছল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে নীলফামারীর সৈয়দপুরে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন। ইকু গ্রুপের সহযোগিতায় ফাউন্ডেশনের পক্ষে মাসব্যাপী ওই কর্মসূচির প্রথম পর্যায়ে ৩০ জন নারীকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সৈয়দপুর পৌরসভা ও উপজেলার পাঁচটি ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ময়দানপুর খালিশা বেলপুকুর গ্রামে ওই প্রশিক্ষণ কর্মসূচির করেন এবং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইরফান আলম ইকু।
প্রথম পর্যায়ে ৩০ জন নারীকে প্রতিদিন বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণার্থীদের কাঁচি, ফিতা ও সেলাইয়ের প্রয়োজনীয় আনুষঙ্গিক উপকরণও বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। এবং প্রশিক্ষণ কাজে প্রশিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রশিক্ষন কাজে ব্যবহৃত জিনিসপত্রের সব খরচ বহন করবে ফাউন্ডেশন। পর্যায়ক্রমে আরও ৩০ জন নারীকে প্রশিক্ষণের আওতায় আনার পাশাপাশি পৌরসভা ও উপজেলার সব ইউনিয়নে এ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে ফাউন্ডেশনটির।
প্রশিক্ষণে অংশ নেওয়া অনার্সপড়ুয়া শিক্ষার্থী রেজিয়া সুলতানা বলেন, 'পড়াশোনার পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা অনেক দিনের। কিন্তু প্রশিক্ষণ নেওয়ার সুযোগ ও সামর্থ্য ছিল না। বিনামূল্যে এ প্রশিক্ষণের সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। এখান থেকে ভালোভাবে কাজ শিখে ভবিষ্যতে নিজের উপার্জনের পাশাপাশি পরিবারের পাশে দাঁড়াতে চাই।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইরফান আলম ইকু বলেন, 'আমরা চাই নারীরা শুধু অন্যের ওপর নির্ভরশীল না থেকে নিজেরাই উপার্জনক্ষম হয়ে উঠুন। সেলাই প্রশিক্ষণের মাধ্যমে একজন নারী নিজের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। এ উদ্যোগ শুধু একটি এলাকায় সীমাবদ্ধ থাকবে না, পর্যায়ক্রমে সৈয়দপুর পৌরসভা ও উপজেলার সব ইউনিয়নে চালু করা হবে। প্রশিক্ষণ শেষে ভালো ও দক্ষ প্রশিক্ষণার্থীদের সেলাই মেশিন দেওয়া হবে। নারীদের স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার চেষ্টা করব।' তিনি আরও জানান, মাসব্যাপি প্রশিক্ষন শেষে দরিদ্র শিক্ষার্থীদের সেলাই মেশিনও দেওয়া হবে।
উল্লেখ্য, আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের খাদ্যসহায়তা, অসহায় মানুষের চিকিৎসা সহযোগিতা, বিনামূল্যে অক্সিজেন সেবা, চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণসহ নানা উদ্যোগ রয়েছে সংস্থাটির। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় এবার অসচ্ছল নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সেলাই প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে ফাউন্ডেশনটি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নওশাদ আনসারী, সহ-সাধারণ সম্পাদক তানভীর হোসেন ও প্রশিক্ষক খায়রুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সভাপতি আলমগীর হোসেন। এ সময় ফাউন্ডেশনের অর্থ সম্পাদক সামিউল আলিম, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম রাজা, সহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








