বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক তথ্যমন্ত্রী ও দৈনিক লোকসমাজের প্রকাশক মরহুম তরিকুল ইসলামের মতো জনবান্ধব ও মানবিক রাজনীতিবিদ এখন বিরল। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, নেতাকর্মীদের মূল্যায়ন এবং সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। তার রাজনৈতিক জীবন ও আদর্শ থেকে বর্তমান প্রজন্মের অনেক কিছু শেখার আছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন যশোর আয়োজিত তরিকুল ইসলামের স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন স্মৃতিচারণ করে বলেন, তরিকুল ইসলাম শুধু রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত মানবিক ও উদার মনের মানুষ। বিরোধিতাকারী সাংবাদিকদের প্রতিও তার কোনো বিরূপ মনোভাব ছিল না। এক সাংবাদিক তার বিরুদ্ধে নিয়মিত নেতিবাচক সংবাদ প্রকাশ করলেও তরিকুল ইসলাম বিদেশ থেকে তার জন্য ক্যামেরা এনে উপহার দিয়েছিলেন। এ ঘটনা থেকেই বোঝা যায়, সাংবাদিকদের প্রতি তার মনোভাব কতটা উদার ছিল।
তিনি আরও বলেন, তরিকুল ইসলাম মন্ত্রী থাকাকালে ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে অনেক মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন। দলীয় পরিচয় বিবেচনা না করে মানুষের প্রয়োজনে সহযোগিতা করতেন। তার মধ্যে নেতাকর্মীদের মূল্যায়ন এবং মানুষের প্রতি ভালোবাসার যে গুণ ছিল, বর্তমান রাজনীতিতে তা অনেকটাই অনুপস্থিত।
প্রধান অতিথি দেলোয়ার হোসেন খান খোকন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তরিকুল ইসলাম বিএনপিতে যোগ দেন। বৃহত্তর যশোর অঞ্চলে তৃণমূল পর্যায় থেকে বিএনপিকে সংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে দল গঠনের পাশাপাশি তিনি ছিলেন প্রকৃত অর্থেই গণমানুষের নেতা। সাধারণ মানুষ, খেটে খাওয়া ও অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। কে কোন দলের রাজনীতি করেন, তা তার কাছে বিবেচ্য ছিল না।
তিনি বলেন, তরিকুল ইসলামের রাজনীতির মূল লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের সময়ও তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের নির্দেশ দিতেন। মিছিল-মিটিংয়ের মাধ্যমে রাজনৈতিক কর্মসূচি পালন করতে বলতেন, সাধারণ মানুষের জানমালের ক্ষতি হয় এমন কর্মকাণ্ডকে কখনো উৎসাহিত করতেন না। তার কাছ থেকে পাওয়া রাজনৈতিক শিক্ষা ও আদর্শ ধারণ করেই সামনে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, সাধারণ সম্পাদক নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম এ আইউব, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন যশোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম (মারুফ), জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, দৈনিক সুবর্ণভূমির সম্পাদক ও প্রকাশক এজাজ উদ্দিন টিপু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সহসভাপতি বিএম আসাদ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, প্রেসক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুল আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মৃধা, সিনিয়র সাংবাদিক শেখ আবদুল্লাহ হুসাইন ও রাজেক জাহাঙ্গীরসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতারা।
দোয়া মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী সদস্য এস এম সোহেল। এ সময় মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








