বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট স্টারশিপের বুস্টার উদ্ধার করতে পারেনি ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স।
শুক্রবার এক অনির্দিষ্ট সমস্যার কারণে বুস্টারটি ফিরিয়ে আনার চেষ্টা বাতিল করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। তবে, মহাকাশযানটিকে প্রথমবারের মতো যান্ত্রিক বাহুর সাহায্যে ধরে ফেলার চেষ্টা চালিয়ে যাওয়ার আশা করছে তারা।
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় টেক্সাসের স্টারবেস থেকে ১২৪ মিটার দীর্ঘ স্টারশিপটি ১৫তম পরীক্ষামূলক উড্ডয়নে আকাশে ওড়ে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ঐতিহাসিক এ অভিযানের পরিকল্পনায় বিঘ্ন ঘটে।
যুক্তরাস্ট্রের স্টারবেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
উড্ডয়ন ও রকেটের দু’টি অংশের মধ্য আকাশে বিচ্ছিন্ন হওয়ার পর সুপার হেভি বুস্টারে সমস্যা দেখা দেয়। ফলে সেটিকে সমুদ্রে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্পেসএক্স। এতে রকেটের দুটি অংশই একই অভিযানে ধরে ফেলার যুগান্তকারী পরিকল্পনা ভেস্তে যায়।
উৎক্ষেপণস্থলের কাছেই মেক্সিকো উপসাগরে বুস্টারটি পড়ে যাওয়ার সময় আগুনের গোলা তৈরি হয়। পরে এর একটি অংশ পানির ওপর খাড়াভাবে ভেসে থাকতে দেখা যায়।
স্পেসএক্সের ড্যান হুয়োট বলেন, ‘কেন আমরা এটিকে ফিরিয়ে আনতে পারলাম কি না, তা এখনো নিশ্চিত নই।’
এদিকে রকেটটির নামের সঙ্গে যুক্ত মহাকাশযান স্টারশিপ সফলভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছে। শনিবার পৃথিবীতে ফিরে আসার আগে এটি ১৪ বার পৃথিবী প্রদক্ষিণ করবে বলে ধারণা করা হচ্ছে।
স্টারশিপ ও এর বুস্টার—দুটিই সফলভাবে ফিরিয়ে আনা সম্ভব হলে মহাকাশশিল্পের জন্য তা বড় মাইলফলক হতো। কয়েক দশক ধরে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরির চেষ্টা চলছে। এ ধরনের রকেট মহাকাশ অভিযান ব্যয়বহুল হওয়া থেকে রক্ষা করবে এবং ঘন ঘন উৎক্ষেপণের সুযোগ তৈরি করবে।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মহাকাশ ও বিমান চলাচল বিশেষজ্ঞ ক্লেটন সোয়োপ সুপার হেভি বুস্টার ধরার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এ অভিযানকে এখন পর্যন্ত ‘মিশ্র ফলাফল’ হিসেবে অভিহিত করেছেন। এর আগে তিনবার বুস্টারটি সফলভাবে ধরে ফেলেছিল স্পেসএক্স।
তিনি বলেন, ‘অন্তত স্টারশিপটি কক্ষপথে পৌঁছেছে। আগের পরীক্ষামূলক উড্ডয়নেও এমনটি হয়েছিল।’
স্টারশিপ মহাকাশযানের কয়েকটি সংস্করণ কক্ষপথে ইন্টারনেট স্যাটেলাইট ও তথ্যকেন্দ্র স্থাপনের জন্য তৈরি করা হচ্ছে। অন্য সংস্করণগুলো চাঁদ ও মঙ্গলে মানুষ পরিবহনের উপযোগী করে তৈরি করা হবে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের আর্টেমিস অভিযানে চাঁদে অবতরণের জন্য স্টারশিপের ওপর নির্ভর করছে। শুক্রবার স্পেসএক্সকে ‘আরেকটি অসাধারণ উৎক্ষেপণের’ জন্য অভিনন্দন জানিয়েছেন নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান। তবে বুস্টার উদ্ধারে ব্যর্থতার বিষয়ে তিনি কিছু বলেননি।
ব্যবস্থা পরীক্ষা-
স্পেসএক্সের পরিকল্পনা অনুযায়ী, ২২ ঘণ্টার বেশি সময় মহাকাশে অবস্থানের পর শনিবার বিকেল ৩টা ২০ মিনিটে (জিএমটি ২১টা ২০ মিনিট) স্টারশিপ পৃথিবীতে ফিরে আসবে। এরপর উৎক্ষেপণস্থলেই সেটি উদ্ধারের চেষ্টা করা হবে।
স্টারশিপকে ধরে ফেলার প্রক্রিয়াটি অত্যন্ত জটিল। কারণ, বুস্টারের তুলনায় মহাকাশযানটি অনেক বেশি উচ্চতা থেকে অনেক বেশি গতিতে নিচে নেমে আসবে। এ সময় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় সৃষ্ট প্রচণ্ড তাপও সহ্য করতে হবে এটিকে।
আগের তিনবার সুপার হেভি বুস্টার উদ্ধারের মতো এবারও স্টারশিপকে নিয়ন্ত্রিতভাবে নিচে নামানো হবে। এরপর উৎক্ষেপণস্থলে থাকা যান্ত্রিক ‘চপস্টিক’ বাহুর মাঝখানে সেটিকে ধরে রাখার পরিকল্পনা রয়েছে।
স্পেসএক্সের কেট টাইস বলেন, ‘মহাকাশযানটি পথে প্রতিটি ব্যবস্থা পরীক্ষায় উত্তীর্ণ হলে এবং নির্ধারিত সব শর্ত পূরণ করলেই কেবল আমরা এটি ধরার চেষ্টা করব। এ ধরনের পরীক্ষা ও সিদ্ধান্ত নেওয়ার অনেকগুলো ধাপ রয়েছে।’
স্টারশিপের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি বিবেচনায় রেখে স্পেসএক্স বিকল্প ব্যবস্থাও রেখেছে। প্রয়োজনে পরীক্ষামূলক উড্ডয়নের সময় কমিয়ে মহাকাশযানটিকে প্রশান্ত মহাসাগরে নামিয়ে দেওয়া হবে।
মহাকাশে অবস্থানকালে স্টারশিপ ২৬টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এগুলো মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্কে যুক্ত হবে।
জ্বালানি স্থানান্তরের চ্যালেঞ্জ-
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক আংশিক পুনর্ব্যবহারযোগ্য ফ্যালকন রকেটের মাধ্যমে মহাকাশ খাতে ইতোমধ্যে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। এসব রকেট নিয়মিত স্যাটেলাইট উৎক্ষেপণ এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পরিবহনে ব্যবহৃত হচ্ছে।
তবে স্টারশিপ প্রকল্পটি বছরের পর বছর ধরে বিলম্বের মুখে পড়েছে। নতুন ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলায় হিমশিম খাচ্ছে স্পেসএক্স। এর মধ্যে অন্যতম হলো কক্ষপথে অবস্থানকালে মহাকাশযানে জ্বালানি স্থানান্তরের ব্যবস্থা করা। চাঁদ বা মঙ্গলে যেকোনো অভিযানের জন্য এটি অপরিহার্য।
জুনে শেয়ারবাজারে ব্যাপক আলোচিত আত্মপ্রকাশের মাধ্যমে প্রায় ৮৫৭ কোটি মার্কিন ডলার সংগ্রহের পর উৎপাদন ও উৎক্ষেপণ সক্ষমতা বাড়াতে ব্যাপক বিনিয়োগ করছে কোম্পানিটি।
শুক্রবার স্টারবেসে তাদের কারখানা পরিদর্শনের সময় স্পেসএক্সের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, বর্তমানে প্রতি দুই সপ্তাহে একটি মহাকাশযান এবং প্রতি চার সপ্তাহে একটি বুস্টার তৈরির সক্ষমতা তাদের রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








