সিলেট নগরের রায়নগরে দিনদুপুরে বাসায় ঢুকে ব্যবসায়ী আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগমকে হত্যার ঘটনায় ভূমি বিরোধের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে নিহতের পরিবার। পরিবারের দাবি, সিলেট পুলিশ লাইনসংলগ্ন লুসাই গির্জা সমিতির জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধে আব্দুস সাত্তার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। এ কারণে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সিলেট নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন নিহত দম্পতির ছেলে আরিফ ইফতেখার। লিখিত বক্তব্য উপস্থাপন করেন তিনি ও আব্দুস সাত্তারের দীর্ঘদিনের সহযোগী মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
লিখিত বক্তব্যে বলা হয়, পুলিশ লাইনসংলগ্ন লুসাই গির্জা সমিতির জমি নিয়ে প্রায় দুই দশক ধরে বিরোধ চলছে। আব্দুস সাত্তার ও সেলিনা সুলতানা সমিতির কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ১২ শতক জমি লিজ নিয়ে ভোগদখল করছিলেন। তাঁদের অভিযোগ, ওই জমিসহ সমিতির মোট ৮০ শতক জমি জাল দলিলের মাধ্যমে ইম্পলস ভিন্ডার্স লিমিটেডের নামে হস্তান্তরের চেষ্টা করা হয়।
পরিবারের ভাষ্য, এ ঘটনায় ২০১৫ সালে আব্দুস সাত্তার আদালতে মামলা করেন। পরে জমির মালিকানা ও দলিল নিয়ে একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলা হয়। এসব মামলার কয়েকটিতে তিনি সাক্ষী ছিলেন।
তৌহিদুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে আব্দুস সাত্তারকে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। ২০১৬ সালে এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২০২৫ সালের জানুয়ারিতে তাঁদের বাসায় গিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেন তাঁরা। এ ঘটনায় সেলিনা সুলতানা থানায় জিডি করেছিলেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জমি-সংক্রান্ত অনিয়ম ও জালিয়াতির অভিযোগে ২০২১ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) চারজনের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় আব্দুস সাত্তার সাক্ষ্য দিয়েছিলেন। পরিবারের দাবি, তদন্ত শেষে অভিযোগপত্রে সংশ্লিষ্ট কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে অভিযোগপত্রটি এখনো দুদকের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধ ও প্রাণনাশের হুমকির সঙ্গে তিন হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে।
উল্লেখ্য, গত ১২ আগস্ট সিলেট নগরের রায়নগরের ১১১ মিতালী আবাসিক এলাকার নিজ বাসায় খুন হন আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগম। এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলা হয়েছে। মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বাবুলের জবানবন্দি নিয়ে প্রশ্ন
হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার বাবুল মিয়ার জবানবন্দি নিয়েও প্রশ্ন তুলেছে পরিবার। তাদের দাবি, জবানবন্দিতে যে বর্ণনা দেওয়া হয়েছে, তার সঙ্গে ঘটনাস্থলের পরিস্থিতি, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামতের অসংগতি রয়েছে।
আরিফ ইফতেখার বলেন, বাবুল মিয়ার ভাষ্য অনুযায়ী, তিনি একাই বাসায় ঢুকে মাত্র ২৩ মিনিটের মধ্যে তিনজনকে হত্যা করেন, রক্ত পরিষ্কার করেন, নিজের কাটা হাত বেঁধে ফেলেন, কয়েকটি আলমারির তালা ভেঙে কাগজপত্র খোঁজেন এবং পরে পালিয়ে যান। এত অল্প সময়ে একজনের পক্ষে এসব কাজ করা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে পরিবারের।
তাঁদের দাবি, সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ঘটনার সময় বাসার আশপাশে কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে বাবুল কীভাবে ব্যালকনি দিয়ে পালিয়ে গেলেন, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন।
পরিবারের আরও অভিযোগ, ঘটনার দিন স্থানীয় লোকজনের উপস্থিতিতে পাশের একটি খালি জায়গায় তল্লাশি চালিয়ে পুলিশ কোনো ছুরি পায়নি। কিন্তু পরদিন স্থানীয় লোকজনের অনুপস্থিতিতে সেখান থেকেই ছুরিসহ একটি ব্যাগ উদ্ধারের কথা জানানো হয়। এ ছাড়া সিসিটিভি ফুটেজে বাসায় প্রবেশের সময় বাবুলের হাতে ছুরি বা ব্যাগ দেখা যায়নি বলে দাবি করেন তাঁরা। জবানবন্দির সঙ্গে সুরতহাল প্রতিবেদনের তথ্যেরও অসংগতি রয়েছে বলে দাবি পরিবারের।
তদন্ত কর্মকর্তার ভূমিকা নিয়েও অভিযোগ
সংবাদ সম্মেলনে মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা এসআই শিপুল চৌধুরীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আরিফ ইফতেখার। তাঁর অভিযোগ, তদন্তের শুরুতে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ ও যাচাইয়ে অবহেলা করা হয়েছে। বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টিও তদন্ত করা প্রয়োজন।
পরিবারের দাবি, পুলিশ হেফাজতে থাকা একজন আসামির জিজ্ঞাসাবাদের ভিডিও কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলো, কে সেটি ধারণ ও প্রচার করলেন, তা খতিয়ে দেখা উচিত। তাঁদের আশঙ্কা, এসব ঘটনার কারণে তদন্ত প্রভাবিত হয়ে থাকতে পারে।
আরিফ ইফতেখার আরও অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর মামলার বাদী সেলিনা সুলতানার স্বামী রুহিন খানকে মামলা পরিচালনা না করার জন্য হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া বাদীর বাসায় অজ্ঞাত ব্যক্তিদের প্রবেশের চেষ্টার অভিযোগে ২ অক্টোবর একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরিফ ইফতেখার বলেন, ‘আমরা চাই, পিবিআই নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করুক। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, আবার প্রকৃত অপরাধীরাও যেন পার পেয়ে না যান।’
সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের সদস্যরা ছাড়াও ন্যায়বিচার প্রত্যাশী কয়েকজন উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








