কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ফিরেদেখা সাহিত্য পদক ২০২৬’ পেয়েছেন কথাসাহিত্যিক দীপু মাহমুদ।
শুক্রবার (১৩ নভেম্বর) রংপুরে দিনব্যাপী আয়োজিত ‘রংপুর সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা ২০২৬’-এ তাঁকে এ পদক প্রদান করা হয়।
সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সংগঠন ‘ফিরেদেখা’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ছায়াঘেরা অন্নদামোহন হলে এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে দেশের আট বিভাগসহ রংপুর অঞ্চলের দুই শতাধিক লেখক, কবি, গবেষক ও সংস্কৃতিকর্মী অংশ নেন। এ ছাড়া ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীসহ বিভিন্ন জেলার প্রায় ২৫টি ছোটকাগজের সম্পাদক ও প্রতিনিধিরা এতে যোগ দেন।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল সাহিত্যবিষয়ক সেমিনার, কথাসাহিত্যে লেখকের দায় নিয়ে প্রবন্ধ উপস্থাপন, কবিতা পাঠ, বই ও লিটলম্যাগ প্রদর্শনী, পদক প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও কবিতা, ছড়া, ছোটকাগজ, ছোটগল্প, উপন্যাস, অনুবাদ, লোকসাহিত্য ও লোকসংস্কৃতি, শিক্ষা, সামাজিক অবদান, সংগঠন এবং লোকঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ফিরেদেখা পদক’ প্রদান করা হয়।
এবার কথাসাহিত্যে অবদানের জন্য ‘ফিরেদেখা সাহিত্য পদক ২০২৬’ অর্জন করেন কথাসাহিত্যিক দীপু মাহমুদ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








