প্রতি কেজি চিনি উৎপাদনে খরচ প্রায় ৩০০ টাকা। অথচ সরকারি নির্ধারিত দামে সেই চিনি বিক্রি করতে হচ্ছে মাত্র ১২৫ টাকায়। অর্থাৎ উৎপাদন খরচের অর্ধেকেরও কম দামে চিনি বিক্রি করছে রাজশাহী চিনিকল। এর সঙ্গে যুক্ত হয়েছে আখের সংকট, পুরোনো যন্ত্রপাতি, অতিরিক্ত পরিচালন ব্যয় ও শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতার বোঝা। সব মিলিয়ে বছরের পর বছর লোকসানের বৃত্ত থেকে বের হতে পারছে না প্রতিষ্ঠানটি। গত মাড়াই মৌসুম পর্যন্ত চিনিকলটির পুঞ্জীভূত লোকসান বা দায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬৪ কোটি টাকা।
এমন পরিস্থিতির মধ্যেই শুক্রবার (১৩ নভেম্বর) থেকে নতুন মৌসুমের আখ মাড়াই শুরু করেছে রাজশাহী সুগার মিল। এবার ৬০ দিন মাড়াই কার্যক্রম চালিয়ে ৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। তবে আগের বছরগুলোর মতো আখের সংকট দেখা দিলে নির্ধারিত সময়ের আগেই উৎপাদন বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
চিনিকল কর্তৃপক্ষের তথ্যমতে, চলতি মৌসুমে প্রায় ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের পরিকল্পনা রয়েছে। এ জন্য আখের দাম মণপ্রতি ১১ টাকা বাড়িয়ে ২৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। চুক্তিবদ্ধ ৩ হাজার ৯০০ জন চাষির কাছ থেকে আখ সংগ্রহের পাশাপাশি নিবন্ধনের বাইরে থাকা সাধারণ চাষিরাও মিলটিতে আখ সরবরাহ করতে পারবেন। উৎপাদন শুরুর প্রস্তুতি হিসেবে আখ ক্রয়কেন্দ্রগুলোও সচল করা হচ্ছে।
রাজশাহী সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাছুমা আকতার জাহান জানান, ১৩ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত ৬০ দিন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে প্রায় ৭০ হাজার টন আখ মাড়াই করে ৩ হাজার টন চিনি উৎপাদনের পরিকল্পনা রয়েছে। তবে আখের সরবরাহ পর্যাপ্ত না হলে আগের বছরগুলোর মতো আগেই উৎপাদন বন্ধ করতে হতে পারে।
উৎপাদন খরচের চেয়ে বিক্রয়মূল্য অনেক কম: সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুরোনো যন্ত্রপাতি, উৎপাদন ব্যবস্থার সীমাবদ্ধতা এবং পরিচালন ব্যয়ের কারণে রাজশাহী চিনিকলে চিনি উৎপাদনের খরচ অস্বাভাবিক বেশি। চলতি মৌসুমে প্রতি কেজি চিনি উৎপাদনে প্রায় ৩০০ টাকা ব্যয় হতে পারে বলে প্রাক্কলন করা হয়েছে। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি কেজি চিনি বিক্রি করতে হচ্ছে ১২৫ টাকায়। ফলে প্রতি কেজি চিনিতে উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের ব্যবধান দাঁড়াচ্ছে ১৭৫ টাকা। এর
বাইরে বছরে মাত্র দুই মাসের মতো চলে চিনির উৎপাদন। কিন্তু সারা বছরই প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা ও অন্যান্য ব্যয় বহন করতে হয় কর্তৃপক্ষকে। ফলে উৎপাদন বন্ধ থাকলেও বড় অঙ্কের অর্থ ব্যয় অব্যাহত থাকে। সংশ্লিষ্টদের মতে, চিনিকলটির ধারাবাহিক লোকসানের অন্যতম প্রধান কারণ এই অতিরিক্ত পরিচালন ব্যয়।
চিনিকলের উৎপাদন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ মাড়াই মৌসুমে ৬৭ কার্যদিবসে প্রায় ৬ হাজার ৯৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত উৎপাদিত হয়েছে মাত্র ৩ হাজার ১৭১ টন। আখের সংকটে মাত্র ৪৪ দিন মাড়াই কার্যক্রম চালানোর পরই বন্ধ হয়ে যায় মিলটি। এর আগের ২০২৪-২৫ মাড়াই মৌসুমে চিনি উৎপাদিত হয়েছিল ৩ হাজার ৫৬৭ টন। আর ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনটি মাড়াই মৌসুমে সব মিলিয়ে চিনি উৎপাদনের পরিমাণ ছিল মাত্র ৪ হাজার ৫৩৭ টন। এসব মৌসুমেও আখের অভাবে নির্ধারিত সময়ের আগেই উৎপাদন বন্ধ করতে হয়েছিল।
তবে চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) মো. সাদ্দাম হোসেন জানান, পুরো অর্থকে সরাসরি লোকসান বলা ঠিক হবে না। তাঁর মতে, এটিকে দায় হিসেবে বিবেচনা করা উচিত। কারণ চিনিকলের স্থাবর-অস্থাবর সম্পদ ও মানবসম্পদ রয়েছে। এসব সম্পদের মূল্য হিসাবের বাইরে রেখে পুঞ্জীভূত লোকসান নির্ধারণ করা হলে প্রকৃত আর্থিক চিত্র পাওয়া যাবে না। সম্পদের মূল্য সমন্বয় করলে নিট লোকসানের পরিমাণ কমে আসবে।
আখ সংকট: রাজশাহী চিনিকলের উৎপাদন সংকটের অন্যতম বড় কারণ আখের ক্রমবর্ধমান সংকট।
চিনিকলের কৃষি বিভাগের তথ্যমতে, মিলের আওতাধীন এলাকায় দিন দিন আখ চাষ কমছে। চিনিকলে আখ সরবরাহের পর মূল্য পরিশোধে বিলম্ব ও ভোগান্তিসহ নানা কারণে কৃষকেরা আগ্রহ হারাচ্ছেন। অনেকেই চিনিকলে আখ বিক্রি না করে স্থানীয় মাড়াইযন্ত্রে গুড় উৎপাদন করছেন। আবার কেউ কেউ আখের পরিবর্তে অধিক লাভজনক সবজি ও অন্যান্য কৃষিপণ্য চাষে ঝুঁকছেন। মাড়াই মৌসুমে চিনিকলের অধিক্ষেত্রের মধ্যে অনুমতি ছাড়া মিনি আখ মাড়াইকল বা গুড় তৈরির কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করা হয়। এ সময় মাড়াইযন্ত্র জব্দসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলেও আখের সংকট কাটছে না। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ২০১৬-১৭ অর্থবছরে রাজশাহী কৃষি অঞ্চলে ৪০ হাজার ৮৬৭ হেক্টর জমিতে আখ চাষ হয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৪০ হেক্টরে। অর্থাৎ প্রায় এক দশকে আখ চাষের জমি কমেছে ২১ হাজার ৫২৭ হেক্টর। আখ চাষের এই ধারাবাহিক পতন সরাসরি প্রভাব ফেলছে রাজশাহী চিনিকলের উৎপাদনে।
লোকসান কাটিয়ে লাভবান হতে চিনিকল কি কি পদক্ষেপ গ্রহণ করছে জানতে চাইলে রাজশাহী সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাছুমা আকতার জাহান বলেন, ‘‘রাজশাহীতে পূর্বের তুলনায় আখের চাষ কমে গেছে। আমরা আমাদের মিলের জন্য পর্যাপ্ত আখ পাচ্ছি না। এছাড়াও আমাদের মিলটি দীর্ঘদিনের পুরানো। এটির যন্ত্রপাতি আধুনিকায়ন করতে হবে। এগুলোই প্রধান সমস্যা আমাদের মিলের জন্য।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








