মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের ক্ষতিকর দিক তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন করতে সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রচার কার্যক্রম চালাচ্ছে থানা পুলিশ। এর অংশ হিসেবে উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী।
রবিবার (১৫ নভেম্বর) সকালে বিদ্যালয়ের মাঠে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ শিক্ষার্থীদের নিয়ে আদর্শ দেশ ও সমাজ গঠনের অঙ্গীকারে বক্তব্য রাখেন ও শপথ পাঠ করান ওসি।
সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, মাদক একটি সমাজ নয়, পুরো প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। এর কারণে সামাজিক অনাচার বাড়ার পাশাপাশি পারিবারিক সম্পর্কেও অবনতি ঘটে। অন্যদিকে বাল্যবিবাহের কারণে অপ্রাপ্তবয়স্ক মেয়েরা অল্প বয়সে মাতৃত্বের ঝুঁকিতে পড়ে। এতে তাদের স্বাভাবিক কৈশোর ব্যাহত হয় এবং পরিবারে অশান্তি সৃষ্টি হতে পারে। সচেতনতার অভাবে এসব দম্পতির সন্তানও অপুষ্টির ঝুঁকিতে থাকে।
তিনি আরও বলেন, পথেঘাটে কোনো মেয়েকে উত্যক্ত করা যাবে না। কেউ ইভটিজিংয়ের শিকার হলে নির্ভয়ে পুলিশকে জানাতে হবে। শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাই ভবিষ্যৎ প্রজন্মকে মাদক ও বাল্যবিবাহের অভিশাপমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।
এ সময় উপপরিদর্শক সনজিত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম হোসেন, অন্যান্য শিক্ষক ও কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








