দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা ও শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মানববন্ধন ও প্রতিবাদ র্যালি করেছেন শিক্ষকরা।
রবিবার (১৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
বক্তব্যে উপাচার্য জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ সব আত্মোৎসর্গকারীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড, ককটেল বিস্ফোরণ ও অলিখিত ধর্মঘটের মাধ্যমে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ এবং জনজীবনের স্বস্তি নষ্টের অপচেষ্টা ছাত্র-জনতা ও শিক্ষকসমাজ প্রত্যাখ্যান করেছে।
উপাচার্য আরও বলেন, জুলাই-পরবর্তী সময়ে বেরোবিতে কোনো সেশনজট নেই। একাডেমিক ও গবেষণা কার্যক্রমও পুরোদমে চলছে। এ পরিবেশ নষ্টের যেকোনো ষড়যন্ত্র ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবেন। তিনি তরুণ শিক্ষার্থীদের অপশক্তির প্ররোচনায় পা না দিয়ে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মাসুদ রানা, প্রক্টর মো. ইসমাইল হোসেন, বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মো. হারুন-আল-রশীদ, শহীদ ফেলানী হলের প্রভোস্ট ড. মোহ্সীনা আহ্সান, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. এ. টি. এম. জিন্নাতুল বাসারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বক্তারা ক্যাম্পাসে নৈরাজ্য ও বৈষম্য প্রতিরোধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার অঙ্গীকার করেন। মানববন্ধন শেষে উপাচার্যের নেতৃত্বে একটি প্রতিবাদ র্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








