হবিগঞ্জের মাধবপুরে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর অংশগ্রহণ নিয়ে বিরোধের জেরে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে তাকে ছাড়াই খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তে তাহেরীর অনুসারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা-সমালোচনা।
রবিবার (১৫ নভেম্বর) উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে খান্দুরা হাবেলীর পীর সৈয়দ জুবায়ের কামাল, সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমসহ দরবারের পীর-সাহেবদের উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে তাহেরীকে ছাড়াই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল ও বহরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এর আগে সম্মেলনে তাহেরীর অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে উত্তেজনা দেখা দেয়। তাকে মাহফিলে যোগ দিতে না দেওয়ার ঘোষণা দিয়ে শনিবার বিকেলে কাশিমনগর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বহরা ইউনিয়ন বিএনপির একাংশের নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী শাহীন আলম রিপন। সমাবেশে তিনি বলেন, কোনোভাবেই তাহেরীকে মাহফিলে অংশ নিতে দেওয়া হবে না। তার অভিযোগ, তাহেরীর কিছু বক্তব্য রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে।
অন্যদিকে, বিক্ষোভের পরও মাহফিলে যাওয়ার বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছিলেন তাহেরী। তিনি বলেছিলেন, তার ভক্তরা পাশে রয়েছেন এবং মাইক চললে তিনি মাহফিলে উপস্থিত হবেন। তাকে আমন্ত্রণ জানিয়ে পোস্টার ছাপানো ও মাইকিংও করা হয়েছিল। তবে আয়োজকদের সঙ্গে প্রশাসনের বৈঠকের পর তাকে ছাড়াই সম্মেলনের সিদ্ধান্ত হয়।
এদিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার দাবি, এ ঘটনার সঙ্গে দলের সাংগঠনিক কোনো সিদ্ধান্তের সম্পর্ক নেই। বিএনপি কোনো ওয়াজ মাহফিল বন্ধ করতে চায় না এবং বিষয়টি রাজনৈতিকও নয়।
সম্মেলনের জন্য নির্ধারিত তালিবপুর আহসানিয়া মিশন উচ্চবিদ্যালয় মাঠ ব্যবহারে প্রথমে আপত্তি জানিয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমাছ মিয়া জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাঠে মাহফিল আয়োজনের অনুমতি বাতিল করে আয়োজকদের লিখিতভাবে জানানো হয়েছিল। তবে পরে এ বিষয়ে আর কোনো আপত্তি নেই বলে জানা গেছে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক এখতিয়ার উদ্দিন বলেন, মাহফিলকে কেন্দ্র করে প্যান্ডেলসহ ব্যাপক আয়োজন করা হয়েছে। শনিবার এক পক্ষ তাহেরীকে বয়কটের দাবিতে মিছিল করেছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মাঠে রয়েছে।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ ও প্রশাসন প্রস্তুত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








