দীর্ঘ আট বছর পর হলিউডের কোনো বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা দিয়ে বক্স অফিসের শীর্ষস্থান দখল করলেন অভিনেতা জনি ডেপ। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আলোচিত আইনি লড়াইয়ের পর হলিউডে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতির মধ্যে নতুন সিনেমা ‘এবেনেজার’ দিয়ে আবারও আলোচনায় এলেন তিনি।
প্যারামাউন্ট পিকচার্সের সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহান্তে উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহগুলো থেকে আয় করেছে প্রায় ১ কোটি ৯০ লাখ ডলার। রোববার প্রকাশিত প্রযোজনা প্রতিষ্ঠানের প্রাথমিক হিসাব অনুযায়ী, ৩ হাজার ৫৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসের তালিকায় প্রথম স্থান অর্জন করেছে।
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের সাফল্যের সঙ্গে ‘এবেনেজার’-এর আয়ের তুলনা চলে না। ওই সিরিজের দুটি সিনেমা মুক্তির প্রথম সপ্তাহান্তেই ১০ কোটি ডলারের বেশি আয় করেছিল। আবার ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়াল্ড’ প্রথম সপ্তাহান্তে আয় করেছিল ৬ কোটি ২০ লাখ ডলার। তারপরও ৩ কোটি ৮০ লাখ ডলার ব্যয়ে নির্মিত ‘এবেনেজার’-এর শুরুটাকে ভালোই বলা হচ্ছে।
উত্তর আমেরিকার বাইরের ৬৩টি বাজার থেকে সিনেমাটি আয় করেছে ২ কোটি ৩০ লাখ ডলার। সব মিলিয়ে বিশ্বব্যাপী মুক্তির প্রথম সপ্তাহান্তে এর আয় দাঁড়িয়েছে ৪ কোটি ২০ লাখ ডলার। জনি ডেপের ফ্র্যাঞ্চাইজির বাইরের সিনেমাগুলো সাধারণত মুক্তির শুরুতে প্রায় ২ কোটি ডলারের কাছাকাছি আয় করে থাকে। ‘ব্ল্যাক মাস’ ও ‘পাবলিক এনিমিজ’ সিনেমার ক্ষেত্রেও এমনটি দেখা গেছে।
প্রেক্ষাগৃহ থেকে দর্শকদের বের হওয়ার পর নেওয়া জরিপ অনুযায়ী, ‘এবেনেজার’-এর দর্শকদের প্রায় ৫২ শতাংশ নারী এবং ৮১ শতাংশের বয়স ২৫ বছরের বেশি। সিনেমাটি দেখার পর ৬৫ শতাংশ দর্শক জানিয়েছেন, তারা বন্ধুদের কাছে এটি দেখার পরামর্শ দেবেন। তবে ১২ বছর বা তার কম বয়সী দর্শকদের মধ্যে মাত্র ৪৭ শতাংশ বলেছেন, তারা বন্ধুদের সিনেমাটি দ্রুত দেখতে বলবেন।

চার্লস ডিকেন্সের সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘এবেনেজার’। সিনেমাটির পরিচালক টি ওয়েস্ট। ভৌতিক সিনেমার সিরিজ ‘এক্স’-এর জন্য পরিচিত তিনি। সিনেমাটি ১৩ বছরের কম বয়সীদের জন্য অভিভাবকের নির্দেশনা প্রয়োজন—এমন শ্রেণিতে রাখা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন রুপার্ট গ্রিন্ট, আন্দ্রেয়া রাইজবোরো, স্যাম ক্লাফ্লিন ও ডেইজি রিডলি।
দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেলেও সমালোচকদের প্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম ইতিবাচক। চলচ্চিত্রবিষয়ক ওয়েবসাইট রটেন টম্যাটোজে সিনেমাটির মূল্যায়ন এখন ৫২ শতাংশ।
‘এবেনেজার’ দিয়ে জনি ডেপের বড় ধরনের প্রত্যাবর্তন হলো কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। জরিপে অংশ নেওয়া ৫১ শতাংশ দর্শক জানিয়েছেন, ডেপের অভিনয় দেখতেই তারা সিনেমাটি দেখতে গেছেন। তার পরবর্তী সিনেমা ‘ডে ড্রিংকার’ মুক্তি পাওয়ার কথা আগামী মার্চে। প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি পরিবেশনা করবে লায়ন্সগেট।
চলচ্চিত্রবিষয়ক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান রেন্টট্র্যাকের প্রধান পল ডারগারাবেডিয়ান বলেন, তারকাদের ব্যক্তিগত জীবন সাধারণত সিনেমার ব্যবসায় প্রভাব ফেলে না। শেষ পর্যন্ত সিনেমাটিই গুরুত্বপূর্ণ। তার মতে, এখন দেখার বিষয়, ‘এবেনেজার’ কত দিন দর্শক টানতে পারে।
এদিকে সনি প্রযোজিত ‘ঘোস্ট সোলজার’ এবং অ্যামাজন এমজিএম স্টুডিওসের ‘হাউ টু রব আ ব্যাংক’ সিনেমা দুটি মুক্তির প্রথম সপ্তাহান্তে প্রত্যাশিত সাড়া পায়নি। জিম ক্যাভিজেল অভিনীত ‘ঘোস্ট সোলজার’ ২ হাজার ৫৫৮টি প্রেক্ষাগৃহ থেকে ৫২ লাখ ডলার আয় করে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে।
অন্যদিকে, ২ হাজার ৮১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘হাউ টু রব আ ব্যাংক’ আয় করেছে ৫২ লাখ ডলারের সামান্য কম। আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি আয় করেছে ৫১ লাখ ডলার। ‘দ্য ফল গাই’ সিনেমার পরিচালক ডেভিড লেইচের এই ছবিতে অভিনয় করেছেন নিকোলাস হল্ট, জো ক্রাভিটজ ও পিট ডেভিডসন। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ডলার। তবে সমালোচকদের কাছ থেকে ভালো পর্যালোচনা পায়নি এটি।
বক্স অফিসের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘দ্য ক্যাট ইন দ্য হ্যাট’। দ্বিতীয় সপ্তাহান্তে সিনেমাটির আয় ১ কোটি ১৪ লাখ ডলার। ৮৩ লাখ ডলার আয় করে তৃতীয় স্থানে রয়েছে ‘গডজিলা মাইনাস জিরো’। মুক্তির প্রথম সপ্তাহান্তের তুলনায় সিনেমাটির আয় কমেছে ৭৩ শতাংশ।
দ্বিতীয় সপ্তাহান্তে ৫৫ লাখ ডলার আয় করে চতুর্থ স্থানে রয়েছে ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’। শীর্ষ পাঁচের শেষ স্থানে রয়েছে এলিজাবেথ হোমসকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘ইউ ক্যান সি এভরিথিং’। সিনেমাটি আয় করেছে ৫৫ লাখ ডলারের সামান্য কম। উত্তর আমেরিকায় এর মোট আয় দাঁড়িয়েছে ৮ কোটি ৯০ লাখ ডলার।
পল ডারগারাবেডিয়ান বলেন, ‘ইউ ক্যান সি এভরিথিং’ নিয়ে দর্শকদের আগ্রহ এখনো অব্যাহত রয়েছে। এটি এমন একটি সিনেমায় পরিণত হয়েছে, যা নিয়ে মানুষ একে অপরকে জিজ্ঞাসা করছে—দেখেছেন কি না।

এ ছাড়া দ্বিতীয় সপ্তাহান্তে ‘ওয়াইল্ড হর্স নাইন’ আরও ১ হাজার ৭৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি আয় করেছে ৪৬ লাখ ডলার। জর্ডান ফার্স্টম্যানের ‘ক্লাব কিড’ মাত্র ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে আয় করেছে ৭ লাখ ৫৬ হাজার ৬০ ডলার। চলতি বছরের সীমিত পরিসরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে এটিকে অন্যতম সফল সম্প্রসারণ হিসেবে দেখা হচ্ছে।
জেমস গ্রের অপরাধভিত্তিক থ্রিলার ‘পেপার টাইগার’ নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের ছয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে আয় করেছে ২ লাখ ১৫ হাজার ৯ ডলার। আগামী সপ্তাহে সিনেমাটি যুক্তরাষ্ট্রজুড়ে মুক্তি পাওয়ার কথা।
উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহগুলোতে গত সপ্তাহান্তে টিকিট বিক্রি হয়েছে প্রায় ৮ কোটি ৬০ লাখ ডলারের। আগের সপ্তাহান্তের তুলনায় ব্যবসা কিছুটা ধীর ছিল। আগামী সপ্তাহে ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ মুক্তির পর বক্স অফিসের আয় বাড়বে বলে ধারণা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








